ইংলিশ প্রিমিয়ার লিগে ৭৪ বছর পর ফিরে আসাটা স্মরণীয় করে রাখল ব্রেন্টফোর্ড। ‘মৌমাছি’ নামের এই দলটি ২০২১-২২ মৌসুমের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে শক্তিশালী আর্সেনালকে হারিয়ে চমক সৃষ্টি করল। শুক্রবার রাতের এ ম্যাচে ব্রেন্টফোর্ড জিতেছে ২-০ গোলের ব্যবধানে।
ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে টমাস ফ্রাঙ্কের দলটি ছিল ভীষণ উজ্জীবিত, প্রাণবন্ত। তারা দুর্দান্ত ফুটবল খেলে গানারদের পর্যুদস্ত করেছে। ৯০ মিনিটে অতিথিরা তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ২২ মিনিটে সের্গি কানোস ও ৭৩ মিনিটে ক্রিস্টিয়ান নরগার্ড গোল করে মিকেল আরতেতার দলকে স্তব্ধ করে দেন।
ব্রেন্টফোর্ডের যে একাদশটি আর্সেনালকে হারিয়েছে তাদের মধ্যে মাত্র দুজনের প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে, তাও মাত্র তিন ম্যাচের! ইভান টনি ২০১৫-১৬ মৌসুমে নিউক্যাসলের হয়ে দুই ম্যাচ আর কানোস ২০১৬ সালে লিভারপুলের হয়ে এক ম্যাচ খেলেছেন।
প্রিমিয়ার লিগে স্মরণীয় শুরুর পর ব্রেন্টফোর্ডের ডেনিশ কোচ ফ্রাঙ্ক বলেছেন, আমরা প্রতিটি জয় উদযাপন করব, আমরা আরো জয় চাই। আমি মনে করি খেলোয়াড়রা অবিশ্বাস্য ছিল। তারা মাঠজুড়ে দৌড়েছে আর খেলেছে হূদয় দিয়ে। তারা বেশ সাহসিহতা দেখিয়েছে, চাপ তৈরি করেছে প্রতিপক্ষের ওপর।
উচ্ছল সমর্থকদের নিয়ে তিনি বলেন, সমর্থকরা অসাধারণ ছিল। কী দারুণ আবহ। আমি ভাষাহীন। আমরা প্রিমিয়ার লিগ উদ্বোধন করলাম। সমর্থকরা স্বপ্ন দেখতেই পারে, আমরা নাম্বার ওয়ান। এটা দারুণ এক গল্প।
সত্যিই ব্রেন্টফোর্ড এখন এক নম্বরে, অন্তত এক ম্যাচ শেষে। ৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে, আর ২০ নম্বরে আর্সেনাল।
আজ সন্ধ্যায় লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে। এছাড়া রাত ৮টায় চেলসি ঘরের মাঠে খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর রাত ১০টা ৩০ মিনিটে লিভারপুল খেলবে নরউইচ সিটির মাঠে।
স্প্যানিশ লা লিগায় আজ রাত ২টায় রিয়াল মাদ্রিদ খেলবে অ্যালাভেসের মাঠে, ফ্রেঞ্চ লিগে পিএসজি ঘরের মাঠে খেলবে স্ট্রসবুর্গের বিপক্ষে।










