স্প্যানিশ সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির আলিনমা ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ঘরোয়া ফুটবলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও রোমাঞ্চকর লড়াই ‘এল ক্ল্যাসিকো’।
বড় ম্যাচের আগে রিয়ালে সুখবর। হাঁটুর চোট থেকে সেরে উঠে আজ মাঠে নামার সম্ভাবনা রয়েছে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের। চোটের কারণে অ্যাটলেটিকোর বিপক্ষে সেমিফাইনাল খেলা হয়নি তার। রিয়াল কোচ জাবি আলোনসো জানিয়েছেন, এ ম্যাচের জন্য স্পেন থেকে সৌদি আরবে এসেছেন এমবাপ্পে। তবে ফরাসি ফরওয়ার্ড খেলবেন কিনা, সে বিষয়টি নিশ্চিত করেননি কোচ।
গত অক্টোবরে লা লিগায় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে গোল করেন এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। যদিও এরপর রিয়ালের ফর্ম পড়ে যায়, বিপরীতে বার্সেলোনা ক্রমেই উজ্জ্বল পারফর্ম করতে থাকে।
সুপার কাপেও দুর্দান্ত ফর্মে বার্সেলোনা। গত বুধবার সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে হারায় কাতালানরা। পরদিন অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ।
গতবার স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়। এরপর তারা জিতেছে কোপা দেল রে ও লা লিগাও।
সৌদি আরবে এটা স্প্যানিশ সুপার কাপের সপ্তম আসর। আগের ছয় আসরের মধ্যে রিয়াল মাদ্রিদ তিনবার, বার্সেলোনা দুবার ও বিলবাও একবার শিরোপা জিতেছে। বার্সেলোনা সর্বোচ্চ ১৫ বার ও রিয়াল ১৩ বার স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতেছে।










