ব্রিসবেন টেস্টে ৮ রানের
নাটকীয় জয় তুলে নেয়া ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত সেই ফর্মটা ওয়ানডে সিরিজে টেনে আনতে ব্যর্থ
হলো। অন্তত প্রথম ম্যাচে। আজ মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২৩১ রানের পুঁজি
নিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সফরকারী দলটি। তা-ও অজিরা জিতেছে ৬৯ বল হাতে রেখে।
আগে ব্যাট করতে নেমে অভিষিক্ত
হাভিয়ের বার্টলেটের গতির আগুণে পুড়ে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। সেখান
থেকে ১২৭ বলে ১১০ রানের দারুণ এক জুটিতে দলের সংগ্রহ ১৬৯ পর্যন্ত টেনে নেন কিয়াসি কার্টি
ও রোস্টন চেজ। দীর্ঘদেহী চেজ ৬৭ বলে ৫৯ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন। এরপর দ্রুত
আরো কিছু উইকেটের পতন ঘটে। দুশ রানের আগেই ৭ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। কার্টি ১০৮
বলে ৮৮ রান করে ফিরেছেন সাজঘরে। এরপর টেল এন্ডে হেইডেন ওয়ালশ (২০) ও ম্যাথিউ ফোর্ডের
(১৯) ব্যাটে ভর দিয়ে ২৩১ রানের পুঁজি পায় দলটি।
২৫ বছর বয়সী বার্টলেট
৯ ওভারে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া শন অ্যাবোট ও ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট
নেন।
ছোট্ট পুঁজি নিয়েও ক্যারিবিয়ানরা
প্রথম ওভারে সাজঘরে ফেরায় অজিদের বিশ্বকাপ হিরো ট্রাভিস হেডকে (৪)। এরপর জস ইংলিশ ৪৩
বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়ে যান। তখন দলের সংগ্রহ ৮৩/২। স্টিভ স্মিথ ও গ্রিন
অনবদ্য ব্যাটিংয়ে এরপর আর কোনো উইকেটের পতন হতে দেননি। দুজন ১৬২ বলে ১৪৯ রানের অবিচ্ছিন
জুটিতে দলের জয় নিশ্চিত করেন। স্মিথ ৭৯ বলে ৭৯ ও গ্রিন ১০৪ বলে ৭৭ রান করেন।
অভিষেকেই ম্যান অব দ্য
ম্যাচ হয়েছেন জাভিয়ের বার্টলেট।
রোববার সিডনিতে দ্বিতীয়
ও মঙ্গলবার ক্যানবেরায় তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি২০ সিরিজে লড়বে দুই
দল।










