রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম দিন শেষ বিকেলে ও আজ দ্বিতীয় দিন প্রায় দুই সেশন বাংলাদেশকে দীর্ঘ হতাশায় ডুবিয়ে রাখেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। জোড়া সেঞ্চুরিতে স্বাগতিকদের রান নিয়ে যান তিনশ ছাড়িয়ে। অবশেষে ২৪০ রানের দীর্ঘ এই জুটি ভেঙে স্বস্তি এনেছেন মেহেদী হাসান মিরাজ। এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৯৭ ওভারে ৫ উইকেটে ৩৬৫ রান। রিজওয়ান ১৩৩ ও আগা সালমান ছয় রানে ব্যাট করছিলেন।

 

দ্বিতীয় দিন প্রথম সেশনে স্বাগতিকদের কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি বাংলাদেশ। এই সেশনে খেলা হয় ২৯ ওভার, পাকিস্তান তুলে নেয় ৯৮ রান। ৪ উইকেটে ২৫৬ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় পাকিস্তান। রিজওয়ান ১৩১ বলে ৮৯ ও শাকিল ১৬৯ বলে ৮৬ রান নিয়ে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সেশনেও দুর্বার খেলেছে এই জুটি। ফিরেই দুজন দ্রুত তুলে নেন সেঞ্চুরি। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে ডাউন দ্য উইকেট এসে সাকিব আল হাসানকে চার মেরে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন রিজওয়ান। একটু পর সেঞ্চুরি করেন শাকিলও। তিনি ১৯৫ বলে ছুঁয়েছেন তিন অঙ্ক। দুজনেরই এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। আর শাকিলের সহ-অধিনায়ক হিসেবে অভিষেক হলো সেঞ্চুরি দিয়ে!

 

এরপর নাজমুল হোসেন শান্তদের হতাশায় ডুবিয়ে তারা ছুটতে থাকেন। অবশেষে ৯৫তম ওভারের শেষ বলে উইকেট কিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শাকির। মিরাজের শর্ট লেংথের বলটি এগিয়ে এসে কভারে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে যান শাকিল। ২৬১ বলে ৯ বাউন্ডারিতে ১৩৩ রান করেন তিনি।

 

রাওয়ালপিন্ডিতে দুটি টেস্ট খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। এখন পর্যন্ত ১৩ টেস্টের লড়াইয়ে বাংলাদেশ একটিও জিততে পারেনি। অর্জন বলতে একটি ড্র।