শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করে আউট হয়ে গেছেন। তার ৫২ রানে ভর দিয়ে স্বাগতিকরা একশ পেরিয়ে গেলেও চারটি উইকেটের পতন হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় দলের সংগ্রহ ছিল ২৪ ওভারশেষে ৪ উইকেটে ১০০ রান। মুশফিকুর রহিম ৩২ ও মাহমুদউল্লাহ ২ রানে ব্যাট করছিলেন।
ওপেনিংয়ে ভালো সূচনা পায়নি বাংলাদেশ। দলের মাত্র ৫ রানের সময় বিদায় নেন লিটন কুমার দাস। তাকে ফিরিয়েছেন দুশমন্ত চামিরা। ওয়ানডে দলে ফেরা সাকিব আল হাসানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা ব্যর্থ হয় তামিমের। এ দুজন বোর্ডে যোগ করেন ৩৮ রান। সাকিব ৩৪ বলে ১৫ রানের সাদামাটা ইনিংস খেলে আউট হন দানুসকা গুনাতিলকার বলে।
তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৫৬ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশর কাছাকাছি নিয়ে যাওয়ার পর আউট হয়ে যান তামিম। ৭০ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫২ রান করা তামিম লেগ বিফোর হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভার স্পিনে। পরের বলে মোহাম্মদ মিঠুনকেও একইভাবে প্যাভিলিয়নে ফেরান ডি সিলভা।










