বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হেরেই চলেছে সিলেট স্ট্রাইকার্স। টানা চার ম্যাচে হারল মাশরাফি বিন মর্তুজার দল। আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ে খুলনা টাইগার্সকে টপকে টেবিলের শীর্ষে উঠে যায় শুভাগত হোমের দল।

 

পয়েন্টের দ্বিতীয় স্থানধারী দল খুলনা টাইগার্স আজ সন্ধ্যায় মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকার। আজই শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ রয়েছে খুলনার সামনে।

 

প্রথম জয়ের খোঁজে নামা সিলেট টস জিতে ব্যাটিং নিলেও খুব সুবিধা করতে পারেনি। দলটি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সমর্থ হয়। আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর ৪২ বলে ৪৫, রায়ান বার্ল ২৯ বলে ৩৪ ও জাকির খান হাসান ২৬ বলে ৩১ রান করেন। জাতীয় দলের তারকা নাজমুল হোসেন শান্ত আরেকবার ব্যর্থ হয়েছেন। আজ তিনি ৭ বলে করেন ৫ রান। ওমানি পেসার বিলাল খান ২৪ রানে তিন উইকেট নেন।

 

এরপর কিউই ব্যাটার টম ব্রুস (৪৪ বলে ৫১*) ও তানজিদ হাসান তামিমের (৪০ বলে ৫০) ফিফটিতে ১৪ বল বাকি থাকতে সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম। ম্যাচসেরা হন বিলাল খান।   

 

এই জয়ের পর পাঁচ ম্যাচ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে চট্টগ্রাম। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে খুলনা। আর সিলেট শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে।