কোপা আমেরিকায় শতভাগ জয় ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাগতিকরা তিন ম্যাচে তিন জয় তুলে নিল। যদিও গতকাল ভোরে কলম্বিয়ার বিপক্ষে সেলেসাওদের পাওয়া ২-১ গোলের জয় নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
ম্যাচের মাত্র ১০ মিনিটের সময় লুইস ডিয়াজের অ্যাক্রোবেটিক ভলিতে লিড নেয় কলম্বিয়া। এরপর দীর্ঘ সময় ব্রাজিলিয়ানদের হতাশার গল্প। ৭৮ মিনিটে লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো ব্রাজিলের হয়ে সমতা আনেন। এ গোল ঘিরেই বিতর্ক। নেইমারের অগ্রগামী পাস নেস্তর পিতানার গায়ে লাগলেও আর্জেন্টাইন রেফারি খেলা চালিয়ে যাওয়ার বাঁশি বাজান। বিভ্রান্ত কলম্বিয়ান খেলোয়াড়রা কিছু সময়ের জন্য খেলা থামিয়ে দিয়েছিলেন। যদিও রেফারির বাঁশিতে ব্রাজিল আক্রমণে যায়। লুকাস প্যাকুয়েতো তখন বলটি সামনে বাড়ান রেনান লোদিকে, যার ক্রসে হেড করে সমতা আনেন ফিরমিনো।
গোলের পর কলম্বিয়ার খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে প্রতিবাদ করতে থাকেন। যদিও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে রেফারি গোল বহাল রাখেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত গ্রহণের আগে ও পরে কলম্বিয়ার খেলোয়াড়দের প্রতিবাদের মুখে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। এর প্রভাব পড়ে ইনজুরি টাইমে, বাড়তি খেলা হয় ১০ মিনিটেরও বেশি সময়। এ সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে জয় তুলে নেয় ব্রাজিল।










