অস্ট্রেলিয়ান ওপেনে ১০ বার সেমিফাইনাল খেলে ১০ বারই
জিতেছেন, ১০ বার ফাইনাল খেলেও প্রতিবার জিতেছেন। মেলবোর্ন পার্কে অবশেষে হার
মানলেন নোভাক জোকোভিচ। আজ ছেলেদের প্রথম সেমিফাইনালে তাকে ৬-১, ৬-২, ৬-৭ (৮-৬),
৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন ইতালির ইয়ানিক সিনার।
ফাইনালে সিনার সামনে পাবেন রাশিয়ার দানিল মেদভেদেভ
কিংবা জার্মানির আলেক্সান্ডার জেরেভকে। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন
মেদভেদেভ ও জেরেভ।
অস্ট্রেলিয়ান ওপেনে ২,১৯৫ দিন পর হারলেন জোকোভিচ।
তার ৩৩ ম্যাচের জয়রথও ভাঙল। সার্বিয়ান সুপারস্টারকে হারিয়ে প্রথমবারের মতো
গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন ২২ বছর বয়সী সিনার।
‘সুপারম্যান’ জোকোভিচের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য করেছেন সিনার। প্রথম দুই সেট টানা জিতে নেয়ার পর তৃতীয় সেটটি গড়ায় টাইব্রেকে। সেখানেও ম্যাচ পয়েন্টের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। যদিও বল নেটে লাগালে সেই সুযোগ নষ্ট নয়। সেটটি জিতে নেন জোকোভিচ।
ব্যবধান কমানোর পর ফেরার আশায় ছিলেন সার্বিয়ান খেলোয়াড়।
কেননা অতীতে এমন পরিস্থিতি থেকে বহু ম্যাচ তিনি বের করে এনেছেন। যদিও আজ উদ্দীপ্ত
যুবক সিনারকে কাবু করতে পারেননি তিনি। স্নায়ুর চাপকে জয় করে তিনি তৃতীয় সেটটিও
দাপটে জিতে নেন। ম্যাচে মোট ৫৪টি আনফোসর্ড ভুল করেছেন শীর্ষ বাছাই জোকোভিচ।
এই হারে সিনারের যেমন প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা
জয়ের সুযোগ তৈরি হলো, বিপরীতে রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম জিততে জোকোভিচের অপেক্ষা
বাড়ল।
২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০,
২০২১ ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন জোকোভিচ। উন্মুক্ত যুগে এটাই
অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। রয় এমারসন দ্বিতীয় সর্বোচ্চ ৬টি
শিরোপা জিতেছেন অ্যামেচার যুগে। এবার রেকর্ডটা আরো সংহত করার সুযোগ হারালেন
জোকোভিচ।










