আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলা জার্মানি বৃহস্পতিবার রাতে বাছাইপর্বে লিচেনস্টেইনকে ৯-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে। এ জয়ে ইতিহাস গড়েছেন জার্মানির কোচ হ্যানসি ফ্লিক। জার্মানির প্রথম কোচ হিসেবে নিজের প্রথম ছয় ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

ডিফেন্ডার নিকলাস সুলেস কভিড-১৯ সংক্রমিত হওয়ায় জার্মানির পাঁচজন খেলোয়াড়কে স্কোয়াডের বাইরে রাখতে হয় ফ্লিককে। এরপরও বড় জয় তুলে নিতে পেরেছে জার্মানরা।

জার্মানির জয়টা সহজ করে দেয় লিচেনস্টেইন, যারা ১০ মিনিটের মধ্যে ১০ জনের দলে পরিণত হয়। শূণ্যে বল দখলে নেয়ার সময় লিওন গোরেত্জকার মুখে কিক নেয়ায় লাল কার্ড দেখেন লিচেনস্টেইনের জেনস হোফার, পেনাল্টি পায় জার্মানি। স্পট-কিক থেকে গোল করে ইলকে গুন্দোয়ান। জার্মানির টমাস মুলার ও লেরয় সানে উভয়ই করেছেন জোড়া গোল। এছাড়া মার্কো রিউস, রিডলি বাকু লক্ষ্যভেদ করেছেন। জার্মানি বাকি দুটি গোল পেয়েছে প্রতিপক্ষের উপহার হিসেবে। আত্মঘাতী গোল করেন ড্যানিয়েল কাউফম্যান ও ম্যাক্স গোপেল। 

ফ্লিকের ইতিহাস গড়া জয়টি স্ট্যান্ডে বসে দেখেছেন জার্মানির সাবেক কোচ জোয়াকিম লুভ, যাকে এদিন আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ২০১৪ সালের বিশ্বকাপ ও ২০১৭ সালের ফিফা কনফেডারেশনস কাপজয়ী কোচ জোয়াকিমকে নিয়ে ফ্লিক বলেন, জোয়াকিম লুভকে বিদায় সংবর্ধনায় আমরা ৯ গোল দিতে পেরে আনন্দিত। ভল্ফসবুর্গের দর্শকরা অসাধারণ এক আবহ তৈরি করেছেন।

‘জে’ গ্রুপে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট তুলে নিয়েছে জার্মানি। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নর্থ মেসিডোনিয়া দুইয়ে ও রোমানিয়া ১৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

এদিকে জমে উঠেছে ‘এইচ’ গ্রুপের লড়াই। ক্রোয়েশিয়া ও রাশিয়া উভয়ই বড় জয় তুলে নেয়ায় রোববার এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে নির্ধারণ হবে, কোন দলটি সরাসরি উঠবে বিশ্বকাপে। ক্রোয়েশিয়া ৭-১ গোলে মালটাকে ও রাশিয়া ৬-০ গোলে সাইপ্রাসকে হারায়। ৯ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাশিয়া, ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। রোববার ক্রোয়েশিয়ার মাঠে ন্যূনতম ড্র করলেই চলবে রাশিয়ার, তবে সরাসরি কাতারের টিকিট নিশ্চিত করতে জিততে হবে ক্রোয়েশিয়াকে। গ্রুপ রানার্সআপ দল খেলতে প্লে-অফ ম্যাচ।

এদিকে ‘বি’ গ্রুপের ম্যাচে গ্রিসকে ১-০ গোলে হারিয়েছে স্পেন, এ ফলাফল লাভবান করেছে ওয়েলসকে। ৭ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল স্পেন। ‘ই’ গ্রুপে ৭ রাউন্ড শেষে গ্রিসের পয়েন্ট ৯। নেশন্স লিগের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ওয়েলস জানত, তারা প্লে-অফের টিকিট পাবে। এথেন্সে স্পেনের জয়ে এটা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। তাতে নিজেদের গ্রুপে শীর্ষ দুইয়ে না থাকলেও সমস্যা নেই ওয়েলসের। তবে মার্চের প্লে-অফে বাছাই দল হিসেবে সুযোগ পেতে চাইলে গ্রুপে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় হতে হবে তাদের। শনিবার বেলারুশ ও মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দুটি থেকে চার পয়েন্ট পেলেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে ওয়েলসের।

‘এ’ গ্রুপে আয়ারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এ ড্রয়ের পরও ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল, সমান ম্যাচে সমান ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সার্বিয়া।