রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারানো বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও দেয় বড় এক লাফ। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে টপকে উঠে যায় ছয় নম্বরে। দক্ষিণ আফ্রিকা সাত ও পাকিস্তান আটে অবস্থান করছিল। যদিও স্লো-ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শাস্তি পাওয়ায় আবারো একধাপ নিচে নেমে গেল বাংলাদেশ। টাইগাররা এখন সাতে অবস্থান করছে। পাকিস্তান রয়েছে আটে।  

 

পাকিস্তানকে ম্যাচ ফির ৩০ শতাংশ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয় পয়েন্ট জরিমানা করেছে আইসিসি। অন্যদিকে, বাংলাদেশকে ম্যাচ ফির ১৫ শতাংশ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন পয়েন্ট জরিমানা করা হয়েছে।

 

পাকিস্তান তাদের জন্য বরাদ্দকৃত টার্গেটের চেয়ে ছয় ওভার কম ও বাংলাদেশ তিন ওভার কম বোলিং করেছে বলে দুটি দলকে শাস্তি দিয়েছেন আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

 

৫ টেস্ট খেলে দুটি জয় পাওয়া বাংলাদেশের পয়েন্ট এখন ২১, শতকরা হিসেবে যা ৩৫%। রাওয়ালপিন্ডি টেস্টে হেরে যাওয়া পাকিস্তানের জরিমানার পর এখন ১৬ পয়েন্ট যা, শতকরা হিসেবে ২২.২২%। প্রোটিয়াদের পয়েন্ট ৩৮.৮৯%।

 

৯ ম্যাচে ৬ জয় পাওয়া ভারত ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, ১২ ম্যাচে ৮ জয় পাওয়া অস্ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে, ৬ ম্যাচে ৩ জয় পাওয়া নিউজিল্যান্ড ৩৬ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে, ১৪ ম্যাচে ৭ জয় নিয়ে ৫০ শতাংশ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড চারে অবস্থান করছে।   

 

একটি টেস্ট জিতেলে পাওয়া যায় ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট। দলগুলোর র‍্যাংকিং করা হয় মূলত মোট পয়েন্টের হিসেবে নয়, শতকরা পয়েন্টের হিসেবে। উল্লেখ্য, স্লো-ওভার রেটের কারণে পয়েন্ট কর্তন করা হয়।