ছেলেদের টেনিসে রেকর্ড ২১তম শিরোপার লক্ষ্যে রোববার ইউএস ওপেন ফাইনাল খেলতে নামছেন নোভাক জোকোভিচ। ফাইনালে সার্বিয়ার সুপারস্টারের প্রতিপক্ষ রাশিয়ার দানিল মেদভেদেভ। এ ম্যাচটি জিতলে ১৯৬৯ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে চারটি গ্র্যান্ড স্লাম শিরোপাই জেতা হবে জোকোভিচের। সবশেষ এ কীর্তিটি ছিল অস্ট্রেলিয়ার গ্রেট রড লেভারের।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছুঁয়েছেন জোকোভিচ। এ তিনজনেরই নামের পাশে ২০টি করে গ্র্যান্ড স্লাম মুকুট। স্টেফি গ্রাফের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন স্লাম’ জয়ের আশা নিয়ে এবার টোকিও অলিম্পিক খেলতে গিয়েছিলেন জোকোভিচ। যদিও তিনি সফল হননি। তাতে অবশ্য একই বছর চার মেজরের সবগুলো জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যায়নি জোকারের। আজ সফল হলে তার সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের রেকর্ড হয়ে যাবে।
শুক্রবার রাতে সেমিফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২ গেমে হারিয়ে নিজের ৩১তম গ্র্যান্ড স্লাম ফাইনালের টিকিট পান ৩৪ বছর বয়সী জোকোভিচ। জয় শেষে রেকর্ডের হাতছানি নিয়ে তিনি বলেন, আর মাত্র একটি ম্যাচ বাকি, আসো এটা করি। এতে সফল হতে আমি আমার হূদয়, আমার আত্মা, আমার শরীর আর আমার মাথা— সবকিছুই নিবিষ্ট করছি। আমি একে আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবেই নিচ্ছি।
জোকোভিচের আবেগের এই মিশন কঠিন করে তুলতে পারেন মেদভেদেভ। এটা তার তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল। এর আগে ২০১৯ সালে ফ্লাশিং মিডোতে তিনি হেরেছেন নাদালের কাছে, গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে হেরেছেন জোকোভিচের কাছে। কাল তাই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পাশাপাশি প্রতিশোধ গ্রহণেরও সুযোগ এই রুশ খেলোয়াড়ের সামনে।
টুর্নামেন্টে মাত্র একটি সেট হারানো মেদভেদেভ সেমিফাইনালে ৬-৪, ৭-৫, ৬-২ গেমে হারান কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমকে।










