২০২৩ সাল জুড়ে নৈপুণ্য দেখানো পারফর্মারদের নিয়ে বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে ঘোষিত এ একাদশে রয়েছে তাদের পাঁচ ক্রিকেটার। আইসিসির ওয়েবসাইটে মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রকাশিত বর্ষসেরা টেস্ট দলের আরেকটি বিশেষ উল্লেখযোগ্য দিক হলো গত জুলাইয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানো ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও রয়েছেন বছরের সেরা দলে।
আইসিসির ২০২৩ সালের বর্ষসেরা টেস্ট দলে প্যাট কামিন্সের সঙ্গে জায়গা
পাওয়া বাকি অজি তারকারা হলেন উসমান খাজা, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি এবং মিচেল
স্টার্ক। ভারতের দুজন- রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন বর্ষসেরা দলে।
স্টুয়ার্ট ব্রডের সঙ্গে জায়গা
হয়েছে আরেক ইংলিশ জো রুটের। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে জায়গা পেয়েছেন বর্ষসেরা
টেস্ট দলে। কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং লংকান ব্যাটার দিমুথ করুনারত্নে। চতুর্থবারের
মতো বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেলেন জো রুট। বছরজুড়ে ১২ টেস্ট ম্যাচ খেলে ৯১৯ রান করেন
ট্রাভিস হেড।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাফসেঞ্চুরি হাঁকিয়ে বছর শুরু
করা হেড চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেন ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস। অ্যাশেজ সিরিজের প্রথম
তিন ম্যাচের প্রত্যেকটিতে ফিফটি হাঁকান হেড। ২০২৩ সালে টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসাল
(১২ ম্যাচে ৫৪) অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বর্ষসেরা একাদশে রয়েছেন কিপার
হিসেবেই। গত বছর ৮ টেস্টে ৩৮ উইকেট নেয়া ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার
বিপক্ষে সিরিজ দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান। ওভালে অ্যাশেজের শেষ টেস্টের
শেষ দিনে ব্রড নিজের মুখোমুখি হওয়া শেষ বলে ছক্কা মেরেছিলেন। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন
অশ্বিন গত বছরের মার্চে শেষ হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেট (৪ ম্যাচে
২৫) নেন।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা, দিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন,
জো রুট, ট্রাভিস হেড, রবীন্দ্র জাদেজা, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, রবিচন্দ্রন
অশ্বিন, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট ব্রড।










