একুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আজ রোববার ভোরে কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের এ জয়ের অগ্রসেনানী লিওনেল মেসি। গোইয়ানার স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকোর সবুজে ফুল ফুটিয়েছেন বার্সেলোনা সুপারস্টার। আর্জেন্টিনার তিন গোলের দুটি তার তৈরি করে দেয়া, নিজে করেছেন একটি।
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, যারা আজ ভোরে আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে ৪-২ গোলে। এর আগে ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।
ম্যাচের ৪০ মিনিটে মেসির পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন রদ্রিগো ডি পল। মেসি গোলে শট না নিয়ে প্রায় অরক্ষিত থাকা ডি পলকে পাস দেন, যিনি অনেকটা সময় নিয়ে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন। ৮৪ মিনিটে আরেকবার মেসি ঝলক। এবার তিনি গোল করিয়েছেন ইন্টার মিলান স্ট্রাইকা লাউতারো মার্টিনেজকে দিয়ে। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রি কিক থেকে অনবদ্য এক গোল করে একুয়েডরের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি। চলতি টুর্নামেন্টে চার গোল হয়ে গেল মেসির, অ্যাসিস্টও করেছেন সমান চার গোলে।
এবার সেমিফাইনালের লড়াই। মঙ্গলবার ভোর ৫টায় স্বাগতিক ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে। বুধবার সকাল ৭টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। ফাইনাল ১১ জুলাই ভোর ৬টায়।










