কাতারের দোহায় আজ বৃহস্পতিবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ টুর্নামেন্টের যৌথ বাছাইপর্বের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। জসিম বিন হামাদ স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের এ ম্যাচে গোল করে বাংলাদেশকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন ডিফেন্ডার তপু বর্মন।

বর্তমান ফর্ম ও র‍্যাংকিং বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আফগানিস্তান। আফগানরা ১৪৯ নম্বরে ও বাংলাদেশ ১৮৪! এছাড়া তাজিকিস্তানের মাঠে প্রথম লেগে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে মনস্তাত্তিকভাবেও এগিয়ে ছিল দলটি। আজ গোলও করল আগে। যদিও দলটিকে জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি বাংলাদেশ। 

বাছাইপর্বে নিজেদের বাকি দুটি ম্যাচ দোহায়ই খেলবে বাংলাদেশ। সোমবার একই মাঠে এশিয়ান পরাশক্তি ভারতের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা। ১৫ জুন শেষ ম্যাচে তারা খেলবেন ওমানের বিপক্ষে। 

আজ প্র্রথমার্ধটা গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে এগিয়ে যায় আফগানিস্তান। আহমেদ নাজিমের বাড়ানো পাসে বক্সের মধ্যে বাম পায়ের শটে গোলটি করেন আমির শরিফি। এর পরে বাকিটা সময় দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। ৮৪ মিনিটে তপুর গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর। প্রথমার্ধে অনবদ্য খেলে প্রশংসা কুড়িয়েছেন ২০ বছর বয়সী এ ডিফেন্ডার।