টি-টোয়েন্টিতে টানা ব্যর্থতায় র‍্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ৯ ম্যাচে জয়হীন টাইগ্রেসরা স্থান হারিয়েছে আয়ারল্যান্ডের কাছে। আইরিশ নারীরা এখন নবম স্থানে উঠে এসেছে। আর এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ। উইমেনস টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের পর এ বদল এসেছে।

২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত হওয়া ম্যাচগুলোর ৫০ শতাংশ এবং এরপরের ম্যাচগুলোর শতভাগ পারফরম্যান্স বিবেচনায় র‍্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে হিসাবে সর্বশেষ নয়টি টি-টোয়েন্টি ম্যাচে জয় নেই বাংলাদেশের। এমনকি সর্বশেষ ২৩ ম্যাচে জয় মিলেছে কেবল ৩টিতে। বাজে এ পারফরম্যান্সের কারণেই র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে টাইগ্রেসদের। ১৯২ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে তারা। নবম স্থানে ওঠা আয়ারল্যান্ডের সঙ্গে অবশ্য রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি না। মাত্র ২ রেটিং পিছিয়ে বাংলাদেশ। আয়ারল্যান্ডের রেটিং ১৯৪।

এদিকে ৫০ ভাগ ম্যাচ বিবেচনায় ৩৬ ম্যাচের মধ্যে ১৩টিতে জয় আছে বাংলাদেশের। সমানসংখ্যক ম্যাচের মধ্যে আয়ারল্যান্ডের জয় ২০টিতে। আর শতভাগ বিবেচনায় ১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে এবং আয়ারল্যান্ডের ১০ ম্যাচের মধ্যে ৭টিতে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল আয়ারল্যান্ড।

র‍্যাংকিংয়ে শীর্ষ আটে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও ভারত। চতুর্থ থেকে অষ্টম স্থান পর্যন্ত আছে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও পাকিস্তান।