চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই শুরু হবে
বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা। শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ শুরু হচ্ছে আগামী ৪ মার্চ।
পূর্ণাঙ্গ এই সিরিজে রয়েছে তিনটি করে টি২০ ও ওয়ানডে এবং দুটি টেস্ট। ৪ মার্চ সিলেটে
প্রথম টি২০ ম্যাচ দিয়ে শুরু হবে এই দ্বৈরথ। দুটি টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ
(২০২৩০২৫) চক্রের অংশ।
আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
৪, ৬ ও ৯ মার্চ তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল
ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ২২ থেকে ২৬ মার্চ সিলেটে প্রথম টেস্ট এবং ৩০ মার্চ
থেকে ৩ এপ্রিল চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
দুই দলের এবারের পূর্ণাঙ্গ সিরিজের কোনো খেলাই মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে হচ্ছে না।










