ঢাকা প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী লিমিটেড। এবারের টি২০ ফরম্যাটের আসরে আজ শনিবার ‘ফাইনাল’-এ রূপ নেয়া সুপার লিগ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবাহনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর ১৫০ রান তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক থেমে যায় ১৪২ রানে।
ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর এটি টানা তৃতীয় শিরোপা, গত পাঁচ বছরের মধ্যে চতুর্থ। ঢাকার শীর্ষ ক্লাব ক্রিকেটে এটি তাদের রেকর্ড ২১তম শিরোপা।
আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান তোলে আবাহনী। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ৯ উইকেটে ১৪২ রান তুলতে সমর্থ হয়। অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ১৩ বলে ২১ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।










