স্কটিশ ক্লাব রেঞ্জার্সে তিন বছরের অধ্যায় শেষ করে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার কোচ হলেন স্টিভেন জেরার্ড। ক্লাবটিতে সাড়ে তিন বছরের চুক্তি করেছেন ইংল্যান্ড জাতীয় দল ও লিভারপুলের সাবেক অধিনায়ক।

স্কটল্যান্ডে দারুণ সফল অধ্যায় কাটিয়েছেন ৪১ বছর বয়সী জেরার্ড। গত মৌসুমে তার হাত ধরে স্কটিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে রেঞ্জার্স, যা ১০ বছরের মধ্যে ক্লাবটির প্রথম লিগ শিরোপা। এবার নতুন মিশনে ৪১ বছর বয়সী জেরার্ড।

ডিন স্মিথের স্থলাভিষিক্ত হচ্ছেন জেরার্ড। টানা পাঁচ ম্যাচে হারের কারণে গত রোববার ডিন স্মিথকে বরখাস্ত করে অ্যাস্টন ভিলা। ভিলার পরিস্থিতি বর্তমানে খুবই নাজুক, পয়েন্ট টেবিলে তারা রয়েছে ১৬ নম্বরে, যা কিনা অবনমন অঞ্চল থেকে মাত্র দুই পয়েন্ট উপরে।

দায়িত্ব নিয়ে জেরার্ড বলেন, ইংলিশ ফুটবলে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে অ্যাস্টন ভিলার। এই ক্লাবটির হেড কোচের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত। ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আমি উপলব্ধি করতে পেরেছি যে তাদের পরিকল্পনা কতটা উচ্চাভিলাসী। তাদের লক্ষ্য পূরণে আমার সর্বোচ্চটা নিংড়ে দিতে চেষ্টা করব।

লিগ প্রতিদ্বন্দ্বী সেল্টিকের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে রেঞ্জার্স, এমন মুহূর্তে জেরার্ড বিদায় নিলেন। বিবিসি জানায়, জেরার্ডকে পেতে রেঞ্জার্সকে ৪৫ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দেবে অ্যাস্টন ভিলা।

লিভারপুলের হয়ে ৭১০ ম্যাচ খেলেছেন জেরার্ড, জিতেছেন ৯টি শিরোপা। এরপর ২০১৫ সালে যোগ দেন মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে, যেখানে অবসরের আগ পর্যন্ত খেলেছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে চতুর্থ সর্বোচ্চ ১১৪ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ২১টি।