ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে হারাল অস্ট্রেলিয়া। সিডনিতে আজ সফরকারীদের প্রায় একাই হারিয়ে দেন শন অ্যাবোট। ব্যাট, বল ও ফিল্ডিং—সব বিভাগেই অবদান রেখেছেন তিনি। অস্ট্রেলিয়া জিতেছে ৮৩ রানে।

 

ক্যারিবিয়ানদের দুর্দান্ত বোলিংয়ের মুখে ১৬৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। এরপরও দলটি ৯ উইকেটে ২৫৮ রান তুলতে পেরেছে অ্যাবোটের বীরত্বে। ১৪২ রানে ৬ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামা অ্যাবোট ৬৩ বলে ৬৯ রানের ঝলমলে ইনিংস খেলেন ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে। এ পথে তিনি ম্যাথু শর্ট, উইল সাদারল্যান্ড ও অ্যাডাম জাম্পাকে নিয়ে কয়েকটি কার্যকর জুটি গড়ে দলের সংগ্রহ আড়াইশ পার করেন। শর্ট ৫৫ বলে ৪১ রান করেন।


ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি ১০ ওভারে ২৮ রান দিয়ে তিনটি উইকেট নেন। এছাড়া রোমারিও শেফার্ড ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।

 

এরপর রান তাড়া করতে নেমে অ্যাবোটের তোপের মুখে পড়ে ৪৩.৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। ১০ ওভারে ৪০ রানের খরচায় তিন উইকেট শিকার করেন তিনি। এছাড়া জস হ্যাজেলউড নেন তিনটি উইকেট। সফরকারীদের পক্ষে কিয়াসি কার্টি সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া শাই হোপ ২৯ ও রোস্টন চেজ ২৫ রান করেন।

 

ব্যাট-বলের পর ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন অ্যাবোট, তিনি ক্যাচ নেন দুটি। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে অ্যাবোটই ম্যাচসেরা।

 

এই জয়ে ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মঙ্গলবার ক্যানবেরায় তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচে টি২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল।