দিনের প্রথম সেশনের চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। তবে শুরুটা ছিল ধীরগতির। ফ্লাডলাইটের আলোর নিচে বাংলাদেশের ইনিংসটায় খুব একটা তাড়াহুড়ো করেননি দুই ওপেনার জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়। যদিও শুরু থেকেই তদের অস্বস্তি টের পাওয়া গিয়েছিল। একাধিক সুযোগও তৈরি করে ছিল নিউজিল্যান্ডের বোলার। তবে কখনো ভাগ্য, আবার কখনো আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যায় বাংলাদেশ। অবশ্য এমন সুযোগ কাজে লাগাতে ব্যর্থই হয়েছেন দুই ওপেনার।
দিনের শুরুতেই বাজে ক্যাচে সাজঘরে ফিরে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মুখে হাসি ফোটালেন জাকির। ২৪ বলে ৮ রান করে মিচেল স্যান্টনারকে আকাশে তুলে মিড-অন অঞ্চলে কেন উইলিয়ামসনের হাতে সহজ হন তিনি।
জাকিরের দেখানো পথে হাঁটলেন আগের ম্যাচে ৮৬ করা ওপেনার জয়ও। অ্যাজাজ প্যাটেলের বল ঠেকাতে গিয়ে শর্টলেগে টম ল্যাথামের হাতে ধরা পড়েন এই ডানহাতি ব্যাটার। ৪০ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরত যান আগের টেস্টের প্রথম ইনিংসের সেরা ব্যাটার।
জয়কে ফেরানোর পর ব্যাক টু ব্যাক বল করতে এসে মুমিনুলকেও সাজঘরের পথ দেখান প্যাটেল। এটি তার দ্বিতীয় শিকার। বাঁহাতি কিউই স্পিনারের করা বল মুমিনুলের ব্যাটে চুমু দিয়ে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ক্যাচ হয়।
আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক শান্ত এই ম্যাচে দলের হাল ধরতে পারলেন না। এলবিডব্লিউর ফাঁদে ফেলে শান্তকে নিজের দ্বিতীয় শিকার বানান স্যান্টনার। ১৪ বলে ৯ রান করেন এই ডানহাতি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান। ১১ রান নিয়ে খেলছেন মুশফিকুর রহিম, অপরপ্রান্তে ৯ রান নিয়ে অপরাজিত আছেন শাহাদাত হোসেন।
এর আগে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকেরা।
বুধবার ( ৬ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টে একাদশ পাল্টায়নি বাংলাদেশের। অফ স্পিনার নাঈম হাসান চোট পেলেও ব্যাপারটা গুরুতর কিছু না হওয়ায় তাকে একাদশে রাখা হয়েছে। শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট স্পিনবান্ধব হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এ বছর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে মোট ২১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। আবহাওয়া মেঘলা হওয়ায় মূলত চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর কৌশল ছিল টাইগার অধিনায়ক এবং কোচের। সেই টোটকা কাজে লেগেছিল। এমনকি কাজে এসেছিল এক পেসার নিয়ে খেলার নীতিও। ঢাকা টেস্টের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আভাস দিয়েছেন পঞ্চম দিনের খেলা নিয়ে। শেষ পর্যন্ত তাই হলো। বাংলাদেশ এই ম্যাচেও এক পেসার নিয়েই মাঠে নামছে। সিলেট টেস্টের দলটাকেই দেখা যাবে মিরপুরে।
নিউজিল্যান্ড দল অবশ্য মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। আগের ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন ইশ সোধি। সিলেটের উইকেটে এই লেগ স্পিনার মোটেই সুবিধা করতে পারেননি। তাকে বাদ দেওয়া হয়েছে এই টেস্টে। দলে এসেছেন স্পিনার মিচেল স্যান্টনার।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।
নিউজিল্যান্ড একাদশ:টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল।










