প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এবার প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি জয়ের হাতছানি। আজ ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিনেন্স, যারা লাতিন চ্যাম্পিয়ন হিসেবে খেলার সুযোগ পেয়েছে।

 

সৌদি আরবের জেদ্দায় আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা।

 

এই দুটি দল টুর্নামেন্টে খেলছে সরাসরি সেমিফাইনাল দিয়ে। শেষ চারে জাপানের উরায়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় ম্যানচেস্টার সিটি। তবে ফাইনালে তাদের কাজটা অতটা সহজ হবে না। লাতিন চ্যাম্পিয়নরা সেমিফাইনালে ২-০ গোলে হারায় আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরের আল আহলিকে।

 

সিটির সামনে ইতিহাস গড়ার সুযোগ। পেপ গার্দিওলার দল জিতলে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে যুগপৎভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে।

 

গত জুন মাসে ইতালির ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে ম্যানচেস্টার সিটি।

 

অবিশ্বাস্য অর্জনে বছরটি শেষ করার হাতছানি ফ্লুমিনেন্সের সামনেও। তারা কোপা লিবার্তাদোরেস ফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় হারায় আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে।

 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডকে পাচ্ছে না ম্যানসিটি, তিনি চোট থেকে সেরে উঠছেন। আর বেলজিয়ান প্লেমেকার কেভিন ডি ব্রুইনও লম্বা সময় চোটের কারণে দলের বাইরে।