সদ্য সমাপ্ত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশে ছয়জনই ভারতের।

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের আগ পর্যন্ত ১০ ম্যাচে অপরাজিত ছিল ভারত। এই দলটির খেলোয়াড়রাই টুর্নামেন্টের আইসিসি একাদশে আধিপত্য করছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি আছেন একাদশে।

‘টিম অব দ্য টুর্নামেন্ট’-এর বাকিরা হলেন—দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, শ্রীলংকার দিলশান মাদুশঙঙ্কা, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ২০ উইকেট শিকারি প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েৎজি।  

রোববার আহমেদাবাদ ফাইনালে ভারতকে ছয় উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এ ম্যাচে ১৩৭ রানের ইনিংস খেলে অজিদের চ্যাম্পিয়ন করেন ট্রাভিস হেড। বামহাতি এই ব্যাটার ফাইনালের আগে সেমিফাইনালেও ম্যাচসেরা হন। তিনি ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ একাদশে জায়গা পেতেই পারতেন। এরকম আরো একঝাঁক খেলোয়াড় একাদশে জায়গা পাওয়ার যোগ্য। তারপরও আইসিসি সেরাদের বেছে নেয়।

টিম অব দ্য টুর্নামেন্ট: কুইন্টন ডি কক, রোহিত শর্মা, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ, দিলশান মাদুশঙ্কা, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি। দ্বাদশ: জেরাল্ড কোয়েৎজি।