মাউন্ট মঙ্গানুই টেস্টে
আজ রোববার ছয় খেলোয়াড়ের অভিষেক ঘটিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ছয় নতুনের একজন পেসার টিশেপো
মোরেকি সকালে নিজের প্রথম টেস্ট বলেই উইকেট শিকার করেন। দিনের দ্বিতীয় ওভারেই ডেভন
কনওয়েকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ১৭তম ওভারে টম ল্যাথামকে সাজঘরে ফেরান ডেন পিটারসেন।
নতুনে ভরা প্রোটিয়াদের
চমক অবশ্য এখানেই শেষ। এরপর দিনটি ছিল শুধুই কিউইদের। পরের ৬৯ ওভার কর্তৃত্ব করেছেন
কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। দুজনই তুলে নেন সেঞ্চুরি। ক্যারিয়ারের শেষ লগ্নে থাকা
কেন ২৫৯ বলে ১৫ বাউন্ডারিতে ১১২ এবং ২২ বছর বয়সী তরুণ রাচিন ২১১ বলে ১৩ বাউন্ডারি ও
এক ছক্কায় ১১৮ রানে অপরাজিত থেকে প্রথম দিন মাঠ ছাড়েন। প্রথম দিন শেষে স্বাগতিক দলের
সংগ্রহ ২৫৮/২।
এই টেস্টে প্রোটিয়ারা
কোনো স্পিনার রাখেনি। অল-পেস অ্যাটাক নিয়ে তারা কিউইদের মুখোমুখি হয়। এই ম্যাচে দক্ষিণ
আফ্রিকার অধিনায়ক নেইল ব্র্যান্ড, যার এই ম্যাচেই টেস্ট অভিষেক ঘটে। (বাংলাদেশ, আফগানিস্তান
ও আয়ারল্যান্ড বাদে) ১৯৯৫ সালের পর এই প্রথম কোনো খেলোয়াড় অভিষেকে টেস্ট দলকে নেতৃত্ব
দিলেন। ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের লি জার্মান অভিষেকেই কিউইদের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
১৫ জনের প্রোটিয়া টেস্ট স্কোয়াডে আটজনই একেবারে নতুন মুখ, যার মধ্যে ছয়জনের আজ অভিষেক
ঘটল।
দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক
টি২০ (এসএ-২০) লিগ চলায় শীর্ষ তারকারা কেউই টেস্ট সিরিজ খেলতে যাননি। এইডেন মার্করাম,
তেম্বা বাভুমা, ক্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, মার্কো ইয়ানসেন, নান্দ্রে বার্গার,
উইয়ান মুলডার, জেরাল্ড কোয়েৎজি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও কেশব মহারাজ টি২০ খেলছেন
বলে টেস্ট দলের সঙ্গী হননি। ডিন এলগার অবসর নেয়ায় তাকেও পাওয়া যায়নি। ফলে একেবারেই
নতুনদের নিয়ে বিকল্প দল তৈরি করতে হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে।
অনভিজ্ঞ দলের বিপক্ষে
সুবিধাই পেয়েছেন উইলিয়ামসন ও রাচিন। উইলিয়ামসন এদিন তুলে নেন ক্যারিয়ারের ৩০তম টেস্ট
সেঞ্চুরি, আর গত বিশ্বকাপের তারকা রাচিন পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ।
অবশ্য দুজনই অভিষিক্ত
রুয়ান ডে শোয়ার্টের বলে জীবন পেয়েছেন। দুজনেরই ক্যাচ ছেড়েছেন প্রোটিয়া ফিল্ডাররা এবং
জীবন পেয়ে তার পুরো সদ্ব্যবহার করেন তারা। তৃতীয় উইকেটে ২১৯ রান তুলেছেন কেন ও রাচিন।










