টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও শুরুতেই বড় হারের মুখে পড়ল বাংলাদেশ। গতকাল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারীরা।

সাবেক অধিনায়ক কুশল মেন্ডিস কলম্বো টেস্টে শ্রীলংকাকে জেতানোর পথে খেলেন ৮৪ রান। এরপর তিন ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪৫, ৬৫ ও ১২৪ রানের ইনিংস। ওয়ানডের ফর্ম তিনি টেনে আনলেন টি-টোয়েন্টিতেও। গতকাল তার ব্যাটে ভর করে ১৫৫ রান সহজেই তাড়া করে জয় তুলে নেয় শ্রীলংকা। ৫১ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলে তিনিই প্লেয়ার অব দ্য ম্যাচ।

ক্যান্ডির উইকেটে ১৫৪ রানের সাদামাটা স্কোর দিয়ে শ্রীলংকাকে আটকানো যে কঠিন হবে, সেটা লিটন দাসদের ভালোই জানা ছিল। এরপর স্বাগতিকদের কাজ আরো সহজ করে দেন কুশল। তিনি প্রথমে মারমুখী ও পরে পরিস্থিতি বিচারে ধীরস্থির ব্যাটিং করেন। কুশল ছাড়া পাথুম নিশাঙ্কা ১৬ বলে ৪২ ও কুশল পেরেরা ২৫ বলে ২৪ রান করেন।

ওপেনিং জুটিতে নিশাঙ্কাকে নিয়ে ২৮ বলে ৭৮ রান করে বাংলাদেশের আশা প্রায় শেষ করে দেন কুশল। ১৬ বলে ৪২ রান করে নিশাঙ্কাই ছিলেন বেশি আগ্রাসী। এ জুটিতে কুশলের অবদান ১২ বলে ৩৫ রান। মেহেদী হাসান মিরাজের বলে রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান নিশাঙ্কা। এরপর কুশল পেরেরাকে নিয়ে ৪৯ বলে ৪২ ও আভিস্কা ফার্নান্দোকে নিয়ে ২৭ বলে ২৮ রান করেন কুশল।

এর আগে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম দারুণ ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে বাংলাদেশকে ৪৬ রান এনে দেন। যদিও নুয়ান তুষারার বলে তানজিদের বিদায়ের পরই ছন্দপতন ঘটে। লিটন হতাশ করে ১১ বলে ৬ রান করে ফেরেন সাজঘরে। মারমুখী ব্যাটিং করা ইমন নবম ওভারে বিদায় নেন। তিনি ২২ বলে ৩৮ রান করেন। এরপর মোহাম্মদ নাঈম শেখ (২৯ বলে ৩২) ও মেহেদী হাসান মিরাজ (২৩ বলে ২৯) চেষ্টা করেও দলকে বড় পুঁজি এনে দিতে ব্যর্থ হন।

টি-টোয়েন্টি ফরম্যাটে এ নিয়ে ১৮ ম্যাচের মুখোমুখিতে শ্রীলংকা জিতল ১২টি, বাংলাদেশের জয় ৬টি। শ্রীলংকার মাঠে টানা তিনটি জয়ের পর অবশেষে হারল বাংলাদেশ।

হেরে যাওয়ার কারণ নিয়ে লিটন দাস ম্যাচ শেষে বলেন, ‘উইকেট বেশ ভালো কিছু, কিন্তু কয়েকটি বল আমাদের চাকা থামিয়ে দেয়। আমরা ভীষণ মর্মাহত। যে কাউকেই ভালো ব্যাটিং করতে লম্বা সময় টিকে থাকতে হবে। আমরা বোলিংটাও ভালো করিনি। তবে ক্রিকেটে খারাপ দিন আসে, যেটা আজ আমাদের এল।’

রোববার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় এবং বুধবার কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (ইমন ৩৮, নাঈম ৩২*, মিরাজ ২৯; থিকসানা ২/৩৭)। শ্রীলংকা: ১৯ ওভারে ১৫৯/৩ (কুশল ৭৩, পাথুম ৪২, পেরেরা ২৪; সাইফউদ্দিন ১/২২, মিরাজ ১/২৪, রিশাদ ১/২৪)। ফল: শ্রীলংকা ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: কুশল মেন্ডিস (শ্রীলংকা)। সিরিজ: শ্রীলংকা ১-০তে এগিয়ে।