ইংলিশ প্রিমিয়ার
লিগে আজ শনিবার ছিল ঘটনাবহুল দিন। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও তাদের
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড হারের স্বাদ পেয়েছে। ম্যানসিটি ২-১ গোলে
হেরেছে উলভারহ্যাম্পটনের মাঠে, আর ম্যানইউ ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে ক্রিস্টাল
প্যালেসের কাছে। যদিও এদিন বোর্নমাউথের মাঠে ৪-০ গোলের দাপুটে জয় পায় আর্সেনাল।
এছাড়া নিউক্যাসল, ওয়েস্ট হ্যাম জয় তুলে নেয়। প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে প্রথম
জয় পেয়েছে লুটন সিটি। তারা ২-০ গোলে হারায় এভারটনকে।
উলভারহ্যাম্পটনের
কাছে ম্যাচের ১৩ মিনিটেই আত্মঘাতী গোল করে বসেন সিটির রুবেন দিয়াজ। ৫৮ মিনিটে
আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ সমতা আনলেও ৬৬ মিনিটে ফের উলভারহ্যাম্পটনকে
এগিয়ে দেন হোয়াং হি-চ্যান। এর মধ্য দিয়ে চলতি লিগে ম্যানসিটির শতভাগ জয়ের রেকর্ডের
সমাপ্তি ঘটল।
এদিকে, ম্যানইউ ঘরের
মাঠে টানা দুই ম্যাচ হারল। আজ ম্যাচের ২৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের দুর্দান্ত
এক গোলে ওল্ড ট্র্যাফোর্ড থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
বোর্নমাউথের
মাঠে আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ ও বেন
হোয়াইট।
এদিন ওলি
ওয়াটকিনসের হ্যাটট্রিকে ভর করে ব্রাইটনকে ৬-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। চলতি
মৌসুমে এটা ওয়াটকিনসের দ্বিতীয় হ্যাটট্রিক।
চ্যাম্পিয়নশিপ
থেকে এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠে আসা লুটন সিটি প্রথম পাঁচ ম্যাচ থেকে মাত্র
এক পয়েন্ট তুলে নেয়। আজ ধুঁকতে থাকা এভারটনের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে
ইতিহাস গড়ল তারা।










