শনিবার ভোরে নেপিয়ারে প্রথম ওয়ানডে। এরপর টি২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আগামী ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে কিউইরা। এই সিরিজের জন্য কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল ক্রিকেট নিউজিল্যান্ড। যদিও আজ ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়ে দিয়েছে, এই সিরিজে খেলা হবে না অধিনায়কের। তার অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

 

চোট থেকে সেরে উঠে এ বছর ওয়ানডে বিশ্বকাপের মধ্যপথ থেকে খেলেছেন উইলিয়ামসন। সদ্যই বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে কিউইদের হয়ে খেলেছেন। চলমান ওয়ানডে সিরিজে তিনি খেলছেন না। টি২০ সিরিজ দিয়ে ফিরবেন বলে তাকে রেখেই দল ঘোষণা করা হয়। যদিও নিউজিল্যান্ডের হয়ে টি২০ ফরম্যাটে এখনই ফেরা হচ্ছে না উইলিয়ামসনের।

চিকিৎসকের পরামর্শে সিরিজ থেকে সরিয়ে নেয়া হয়েছে তাকে।

 

দলে রাখা হচ্ছে না পেস বোলার কাইল জেমিসনকেও। বাংলাদেশ থেকে ফেরার পর হ্যামস্ট্রিংয়ে খানিকটা অস্বস্তি বোধ করায় তিনি ওয়ানডে সিরিজেও খেলছেন না।

 

উইলিয়ামসনের বদলে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে। পেসার জেমিসনের বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার জ্যাকব ডাফি।

 

নিউজিল্যান্ড ক্রিকেট গতকাল এক বিবৃতিতে জানায়, ভারতে বিশ্বকাপ ও বাংলাদেশে টেস্ট সিরিজে খেলার পর চিকিৎসকের পরামর্শে এখন হাঁটুর শক্তি বাড়ানোর জন্য পুনর্বাসন চলবে উইলিয়ামসনের। সামনের অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাকে পুরোপুরি সুস্থ চায় বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

 

টি২০ সিরিজে নেপিয়ারে একটি ও মাউন্ট মঙ্গানুইয়ে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।