আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি সারতেই নেদারল্যান্ডস ক্রিকেট দলকে হোম সিরিজে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ পরিকল্পনা দারুণ সফল। এক ম্যাচ হাতে রেখেই দাপটে সিরিজ জিতে নিল টাইগাররা। পাকিস্তান সফরে হারের পর এ নিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ। শ্রীলংকার মাঠে সিরিজ জয়ের পর হোম সিরিজে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারাল লিটন দাসের দল।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ। গতকাল একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পেল আরো বড় জয়। লিটন দাসের দল ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়। এর মধ্য দিয়ে ২-০তে সিরিজ জয় নিশ্চিত হলো টাইগারদের। ফলে আগামীকালের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিল কেবলই আনুষ্ঠানিকতায়।
বোলিং সাফল্যে এল টানা দ্বিতীয় জয়। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাঁড়াশি আক্রমণের মুখে ১০৩ রানে গুটিয়ে যায় ডাচরা। এরপর ১০৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে তানজিদ হাসান তামিমের ফিফটিতে ১৩.১ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। তানজিদ ৪০ বলে ৫৪ ও লিটন দাস ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। এর আগে পারভেজ হোসেন ইমন করেন ২১ বলে ২৩ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট ডাচরা। নাসুম তিনটি এবং তাসকিন ও মুস্তাফিজ দুটি করে উইকেট নেন।
২১ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন নাসুম।
জয় শেষে লিটন বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি তো প্রতিটি সিরিজ জিততে চাই, যদিও সেটা সম্ভব নয়। এই সাফল্যের জন্য আমি দলের সবাইকে কৃতিত্ব দেব। বিশেষ করে, বোলারদের প্রচেষ্টা ছিল অবিশ্বাস্য।’
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস: ১৭.৩ ওভারে ১০৩ (আরিয়ান দত্ত ৩০, বিক্রমজিৎ ২৪; নাসুম ৩/২১, মুস্তাফিজুর ২/১৮, তাসকিন ২/২২, তানজিম ১/১৬, মেহেদী ১/২৪)। বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০৪/১ (তানজিদ ৫৪*, লিটন ১৮*, ইমন ২৩; কাইল ক্লেইন ১/২৩)। ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী। সিরিজ: বাংলাদেশ ২-০তে এগিয়ে। প্লেয়ার অব দ্য ম্যাচ: নাসুম আহমেদ (বাংলাদেশ)।










