সাকিব আল হাসান চোটজনিত কারণে নেই সিরিজে। তামিম ইকবালও একই কারণে নেই। লিটন দাস পারিবারিক কারণে ছুটি নিয়েছেন। স্কোয়াডে নেই শীর্ষ বোলার তাসকিন আহমেদ, চোটে এবাদত হোসেন। এ শীর্ষ খেলোয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। তবে বাংলাদেশের নবনিযুক্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিরিজ শুরুর আগে চিরাচরিতভাবে বলেননি যে ‘আমরা ভালো করতে চাই’। বরং প্রত্যয় ঝরেছে তার কথায়। তিনি জয়ের কথাই বলেছেন। কথা রেখেছেনও শান্ত। নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত দাবি করলেন, নিজের ভেতরের সত্যিকারের বিশ্বাস থেকেই জয়ের কথা তিনি বলেছিলেন। ২৫ বছর বয়সী এ ক্রিকেটার বলেন, ‘আমি খুবই পরিষ্কার ছিলাম। দলের কাউকে মোটিভেট করার জন্য বলিনি। সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম এখানে এ সিরিজটা জিততে পারি এবং জেতার জন্যই আমরা খেলব। এ বিশ্বাসটা যে শুধু আমার মধ্যে ছিল, তা না। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ছিল। আমি যখন দেখেছি প্রতিটি ক্রিকেটার ওভাবে চিন্তা করছে, তখনই আমার মধ্যে বিশ্বাসটা আসছে যে আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এ বিশ্বাসটা আমরা তখনই করেছি। তবে একটি ম্যাচ এখনো বাকি। অর্ধেক কাজ হয়েছে মাত্র। এমন নয় যে ওখানে (মিরপুরে) যাব আর জিতে যাব। আবারো পাঁচটি দিন কষ্ট করা লাগবে। চেষ্টা করব, পরের ম্যাচে এখান থেকে আরো উন্নতি করে কীভাবে জিততে পারি।’