উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের উত্তেজনা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। শেষ ষোলোর প্রথম লেগে এদিন দুটি ম্যাচ মাঠে গড়াবে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ঘরের মাঠে খেলবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে, আর নিরপেক্ষ ভেনু বুদাপেস্টে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট লিভারপুল ও জার্মান দল আরবি লিপজিগ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টায়।
মাঠে ও মাঠের বাইরে ‘ভালো নেই’ বার্সেলোনা। এমনিতে দলসেরা খেলোয়াড় লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা, সঙ্গে যোগ হয়েছে দলের সাম্প্রতিক খারাপ ফর্ম। শনিবার অ্যালাভেসের বিপক্ষে জিতলেও রোনাল্ড কোম্যানের দল লা লিগায় রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে, শীর্ষ দল অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে তারা আট পয়েন্ট পিছিয়ে; স্প্যানিশ সুপার কাপে কাতালানরা হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে, আর কোপা দেল রের সেমিফাইনালে প্রথম লেগে সেভিয়ার কাছে তাদের হার ২-০ গোলে।
গত গ্রীষ্মে মেসির চলে যাওয়া নিয়ে তৈরি হয় চরম নাটকীয়তা। আর্জেন্টাইন গ্রেট চলে যাওয়ার আবেদন করেছিলেন ব্যুরো ফ্যাক্সের মাধ্যমে, যদিও করোনার কারণে বিলম্বিত মৌসুমে দলবদলের আইনি জটিলতায় পড়ে ন্যু ক্যাম্পে থেকে যেতে বাধ্য হন তিনি। যদিও সবাই মোটামুটি ধরেই নেন, চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি কিংবা অন্য কোনো ক্লাবে নাম লেখাবেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, গত মৌসুমে কোনো শিরোপাই জিততে না পারা বার্সা যদি এ মৌসুমেও ব্যর্থ হয় তবে মেসি হয়তো তার পরিকল্পনা থেকে সরে আসবেন না। আর কাতালানরা যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে সমর্থ হয়, তবে তাকে ধরে রাখার আশাও বেঁচে থাকবে।
মেসিকে নিয়ে বার্সা কোচ কোম্যান বলেন, একমাত্র একজনই আছে যে নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে এবং সে মেসি। আমি চাইব সে আরো কয়েকটি বছর থাকুক (ন্যু ক্যাম্পে) এবং আমি নিশ্চিত, সে এখন সুখীও। কিন্তু ভবিষ্যত তার নিজেরই হাতে।
যাই হোক, সব সময়ের মতো কালও বার্সার আক্রমণভাগের প্রাণভোমরা থাকছেন মেসিই। পিএসজির বিপক্ষে আক্রমণে মেসির সঙ্গী হবেন ১৮ বছর বয়সী ইলাইক্স মোরিবা। যে বছর বার্সেলোনায় অভিষেক মেসির, ঠিক সেই বছরেই জন্ম মোরিবার, এখন তিনি বার্সার আক্রমণভাগে মেসির সঙ্গী!
অ্যালাভেসের বিপক্ষে গোলের পর মোরিবাকে অভিনন্দন জানান ৩৩ বছর বয়সী মেসি। কাল তাকে নিয়ে পিএসজির রক্ষণব্যুহ ভাঙার মিশনে নামছেন আর্জেন্টাইন গ্রেট। এ মিশনে থাকছেন আরেক তরুণ স্ট্রাইকার আনসু ফাতিও, যিনি নভেম্বরে ইনজুরিতে পড়ার আগে দুর্দান্ত খেলছিলেন। ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার পেদ্রিও রয়েছেন অধিনায়ক মেসির আস্থায়। এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে কোম্যানের ভরসায় পরিণত হয়েছেন ২১ বছর বয়সী রোনাল্ড আরাউজো। যদিও গোঁড়ালির চোটের কারণে কাল পিএসজির বিপক্ষে তার খেলা নাও হতে পারে।
ইনজুরির কারণে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও আর্জেন্টাইন প্লেমেকার অ্যাঞ্জেল ডি মারিয়ার খেলা হবে না এ ম্যাচে। ফলে দলের দুই সেরা তারকাকে ছাড়াই বার্সার মাঠে নামছে মাউরিসিও পচেত্তিনোর দল।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে হেরেছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লোপের দল সব মিলিয়ে ১২ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। এমন পরিস্থিতিতে অল রেডরা আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলতে নামছে আরবি লিপজিগের বিপক্ষে।
লিভারপুল দুঃসময় পার করলেও তাদের সমীহ করেই খেলবে জার্মান বুন্দেসলিগার দল লিপজিগ। দলটির কোচ জুলিয়ান নাগেলসম্যান লিভারপুলের সাম্প্রতিক বাজে ফর্ম নিয়ে খবর শুনতেই নারাজ। তিনি বলেন, আমি মনে করি না যে আমার দলকে আহত বক্সারের ব্যাপারে সতর্ক করার প্রয়োজন আছে। তারা জানে, লিভারপুল একটি বিশ্বমানের দল। প্রিমিয়ার লিগে তারা ফলাফল সংকটে থাকতে পারে, তবে চ্যাম্পিয়ন্স লিগে নয়। নেতিবাচক সবকিছু ঝেড়ে ফেলতে চাইবে তারা।
হাঁটুর ইনজুরির কারণে সুইডিশ প্লেমেকার এমিল ফর্সবার্গ বুদাপেস্টের এই ম্যাচে খেলতে পারছেন না। তাকে নিয়ে নাগেলসম্যান বলেছেন দুর্ভাগ্যজনকভাবে সে খেলতে পারছে না, তার এখনো দৌড়ানোর সময় কিছুটা সমস্যা হয়।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ
বার্সেলোনা-পিএসজি
লিপজিগ-লিভারপুল
* প্রথম দলটি স্বাগতিক
সূত্র: এএফপি ও মার্কা










