ফুটবলে রেকর্ডের বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো আরেকটি মাইলফলকে পৌঁছে গেলেন। আন্তর্জাতিক ফুটবলে যুগ্মভাবে সর্বোচ্চ গোলের মালিক এ পর্তুগিজ সুপারস্টার। ইরানের আলি দায়েইর গড়া ১০৯ গোলের রেকর্ডটা বুধবার রাতে ফ্রান্সের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপ ম্যাচে ছুঁয়ে ফেলেন রোনালদো। আগামী রোববার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচেই দায়েইকে পেছনে ফেলে এককভাবে রেকর্ডটা নিজের করে নিতে পারেন তিনি।
১৯৯৩ থেকে ২০০৬ সালের মধ্যবর্তী সময়ে ১০৯ গোল করেন আলি দায়েই। ১৫ বছর পর রেকর্ডটা হারাতে চলেছেন ইরানি গ্রেট। মাত্র দ্বিতীয় পুরুষ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ৯০ কিংবা তার বেশি গোল করার কৃতিত্ব দেখান রোনালদো। এখন তার সামনে এক নম্বরে ওঠার হাতছানিও।
এরই মধ্যে ক্লাব ফুটবলে ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ/ইউরোপিয়ান কাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। টুর্নামেন্টটিও জিতেছেন পাঁচবার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও এখন রোনালদোর। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টিতে দুই গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে (১৯ গোল) টপকে যান তিনি।
১৫ জুন হাঙ্গেরির বিপক্ষেই তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন, যা ফ্রান্স ম্যাচে আরেকটু সংহত করেন। এখন তার গোলসংখ্যা ১৩।
যেভাবে ১০৯ গোল পেলেন রোনালদো: ইউরো বাছই পর্বে ৩১ গোল, বিশ্বকাপ বাছাই পর্বে ৩১ গোল, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১৯ গোল, ইউরোতে ১৩ গোল, বিশ্বকাপে ৭ গোল, উয়েফা নেশন্স লিগে ৫ গোল ও ফিফা কনফেডারেশন্স কাপে ২ গোল।
‘এফ’ গ্রুপে বুধবার দুটি ম্যাচই ড্র হয় ২-২ গোলে। হাঙ্গেরির সঙ্গে ড্র করে শেষ ষোলোয় গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গী হয়েছে জার্মানি। অন্যদিকে ফ্রান্সের সঙ্গে ড্র করেও গ্রুপে ‘সেরা তৃতীয়’ দল হিসেবে শেষ ষোলোয় জায়গা পেয়েছে পর্তুগাল।










