মেয়েদের ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল রাজশাহী স্টারস। দলটি ১০ ম্যাচের সবক’টিতে জিতেছে, প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে ৯০ বার। প্রথমবারের মতো লিগে খেলতে এসেই অপরাজিত চ্যাম্পিয়ন হলেন শিউলি আজিম, ঋতুপর্ণা চাকমারা।
এবারের মতো গতবারও অবশ্য শিরোপা লড়াইয়ে ছিল তিন দল। সেনাবাহিনী শেষ রাউন্ড পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রেখেছিল, কিন্তু গতকাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হেরে যায় রাজশাহী স্টারসের বিপক্ষে। লিগ টেবিলে তাদের অবস্থান চূড়ান্ত হবে ফরাশগঞ্জের ম্যাচের ফলের পর।
গতকাল সেনাবাহিনী জিতলে লিগ শিরোপার লড়াই গড়াত প্লে-অফে। ঋতুপর্ণারা তা হতে দেননি। দ্বিতীয়ার্ধে তিন গোল করে তুলে নেন সহজ জয়। তবে এ ম্যাচ ড্র করলেও শিরোপা জিতত রাজশাহী। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ নিয়ে দলটির কোচ মাহমুদা শরীফা অদিতি জানালেন, ড্র তাদের ভাবনাতেই ছিল না। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনাই ছিল ‘‘ম্যাচ বাই ম্যাচ’’ আমরা ৩ পয়েন্ট করে নেব। এ ম্যাচেও ড্রর কথা মাথায় আনিনি। জয়ের জন্য, ৩ পয়েন্টের জন্য আমরা মাঠে নেমেছিলাম। ড্র করার কোনো চিন্তাও ছিল না আমাদের।’
রাজশাহী অধিনায়ক শিউলি আজিম বলেন, ‘ফরাশগঞ্জ ও সেনাবাহিনী—দুইটা টিমই আমার কাছে মনে হয়েছে খুব কঠিন প্রতিপক্ষ ছিল। ফুটবলটা তো আনপ্রেডিক্টেবল। যে যত ভালো দলই হোক, আসলে রুখে দেয়া সম্ভব যেকোনো দলের জন্যই। আমরা ওইটা মাথায় রেখেই মাঠে নেমেছি। আমরা জানি সেনাবাহিনী একটা ভারসাম্যপূর্ণ ও ভালো দল। আমরা ওইটা মাথায় রেখেই খেলেছি। এবারের লিগটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। কেননা জাতীয় দলের খেলোয়াড়রা চারটা-পাঁচটা টিমে ভাগ হয়ে গিয়েছে। তাই প্রতিটা ম্যাচেই কিন্তু অনেক লড়াই হয়েছে। আগের মতো একপাক্ষিক খেলা হয়নি।’
অধিনায়কের সুরে সুর মিলিয়ে তারকা ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমাও বললেন, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথটা তাদের জন্য মসৃণ ছিল না মোটেও। এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে শিরোপা জিতে আনন্দিত এ খেলোয়াড় বলেন, ‘অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া সহজ ছিল না অবশ্যই।’










