লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে নাম লেখানোর এক সপ্তাহের মধ্যেই এসে পড়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচ। আজ রাত ১টায় স্ট্রসবুর্গের বিপক্ষে খেলবে প্যারিস জায়ান্টরা।

গুঞ্জন চলছে মেসির খেলা, না খেলা নিয়ে। কেউ কেউ বলছেন, ম্যাচের শেষ দিকে অল্প সময় খেলানো হতে পারে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। যদিও পিএসজি ম্যানেজমেন্ট যা বলছে তাতে আজ ম্যাচে দর্শক হয়েই থাকবেন মেসি।

পিএসজিতে যোগ দেয়ার পরই মেসি ঘোষণা করেছিলেন, তিনি যত দ্রুত সম্ভব মাঠে নামবেন। পাশাপাশি এ-ও বলেছিলেন, তার মাঠে নামা নির্ভর করবে কোচ মাউরিসিও পচেত্তিনোর ওপর। কেননা এক মাস তিনি অনুশীলনের মধ্যেই ছিলেন না। 

সঙ্গতকারণেই মেসি মাঠে নামা নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন পচেত্তিনো। পিএসজির এই আর্জেন্টাইন কোচ বিষয়টি নিয়ে শুক্রবার বলেছেন, সব সেরা খেলোয়াড় নিয়ে আমাদের একটা শক্তিশালী দল হয়ে উঠতে হবে। মেসি খেলছে কিনা, এই প্রশ্ন উঠছে। দেখুন, কোপা আমেরিকার পর এক মাস অনুশীলন করেনি সে। এখানে এসে মাত্র দুদিন অনুশীলন করল। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।

এদিকে নতুন ক্লাবে দারুণ সময় কাটছে মেসির। অনুশীলনে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডি মারিয়াসহ সব সতীর্থের সঙ্গে সাক্ষাত্ করেছেন, অনুশীলনও করছেন। এখন নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় ৩৪ বছর বয়সী সুপারস্টার। পিএসজি সতীর্থরা ফরাসি ফুটবলে কবে দেখবেন মেসি ঝলক?