উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে আজ সুইডিশ ক্লাব মালমোর মাঠে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ও ইংলিশ প্রিমিয়ার লিগ লিডার চেলসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে।
এ ম্যাচে ব্লুজরা পাবে না ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে। অসুস্থতার কারণে খেলা হবে না তার। এতে চেলসিতে ইনজুরির তালিকাটা আরো লম্বা হলো। স্ট্রাইকার টিমো ভেরনার ও রোমেলু লুকাকু ছাড়াও ইনজুরিতে রয়েছেন ম্যাতেও কোভাচিচ।
যদিও চেলসি কোচ টমাস টুখেলের জন্য স্বস্তির খবর, ফিট হয়ে আজকের ম্যাচে খেলবেন আমেরিকান মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক। তিনি গোঁড়ালির ইনজুরিতে ভুগছিলেন।
ম্যাসন মাউন্টকে নিয়ে টুখেল বলেন, ম্যাসন ভালো বোধ করছে না। তবে কভিড নিয়ে কোনো গুঞ্জন নয়, সে কভিড নেগেটিভ। সে স্রেফ ভালো বোধ করছে না বলে অনুশীলনেও অংশ নেয়নি।
আজকের ম্যাচে ফেভারিট হিসেবে নামছে টুখেল বাহিনী। গত সপ্তাহে স্ট্যামফোর্ড ব্রিজে তারা ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে সুইডিশ দলটিকে। তিন ম্যাচে দুই জয় পাওয়া ব্লুজরা ‘এইচ’ গ্রুপে পয়েন্ট টেবিলে দুইয়ে অবস্থান করছে, শীর্ষে রয়েছে জুভেন্টাস।
ফেভারিট ট্যাগ নিয়ে টুখেল বলেন, আমি মনে করি, এ নিয়ে পঞ্চম কিংবা ষষ্ঠ ম্যাচে আমরা ফেভারিট হিসেবে নামছি। এসব ম্যাচে আমার দল যে দৃষ্টিভঙ্গি, যে প্রগাঢ়তা আর গুরুত্ব নিয়ে খেলেছে তাতে আমি অনেক খুশি।
মালমোকে নিয়ে তিনি বলেন, প্রতিপক্ষকে আমাদের যথেষ্ট সম্মান করতে হবে, আর বিনয়ী হতে হবে, কেননা তারা যেকোনো কিছু ঘটানোর সামর্থ্য রাখে। মালমোর হারানোর কিছু নেই, তারা অনেক স্বাধীনতা আর সাহস নিয়ে খেলবে। আর পাশে পাবে একঝাঁক আবেগাপ্লুত দর্শক।
আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড আজ ‘এফ’ গ্রুপ ম্যাচে খেলবে ইতালির আটালান্টার মাঠে, ‘ই’ গ্রুপে তৃতীয় স্থানধারী বার্সেলোনা খেলবে ডায়নামো কিয়েভে, শীর্ষ দল বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে খেলবে পর্তুগিজ দল বেনফিকার বিপক্ষে ও জুভেন্টাসের প্রতিপক্ষ জেনিত সেন্ট পিটার্সবুর্গ।
চেলসির ম্যাচটি ছাড়া বাকি সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ২টায়।










