প্রথমবারের মতো এশিয়ান কাপ জয়ের লক্ষ্য নিয়ে
আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি হচ্ছে জর্ডান। কাতার বিশ্বকাপ ফাইনালের
ভেন্যু লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচটি।
র্যাংকিংয়ের ৮৭ নম্বর দল জর্ডান সেমিফাইনালে
দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায়। এটাই তাদের প্রথম এশিয়ান কাপ ফাইনাল। আজ
কাতারের বিপক্ষেও কি চমক দেখাবে জর্ডান?
জর্ডান কোচ হুসেইন আম্মোতা বলেন, ‘এই ম্যাচটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচেই আসতে পারে জর্ডানের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপা।
আমরা ফাইনালকে একটি সাধারণ ম্যাচ হিসেবে নিয়েই প্রস্তুতি গ্রহণ করেছি। খেলোয়াড়দের ওপর
বাড়তি কোনো চাপ নেই এবং তারা যে মানের খেলা খেলে ফাইনালে উঠেছে ঠিক তেমন ফুটবল খেলে
যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
গ্রুপ পর্বে মালয়েশিয়াকে ৪-০ গোলে হারানোর
পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে জর্ডান। এরপর বাহরাইনের কাছে ১-০ গোলে হারলেও
সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বে ওঠে তারা। এরপর জর্ডানিয়ানরা রূপকথা লিখে চলে।
আজ তাদের সামনে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুটের হাতছানি।
এদিকে, ২০১৯ সালের ফাইনালে জাপানকে ৩-১ গোলে
হারিয়ে প্রথমবার এশিয়ান কাপ জয় করে কাতার। আজ দ্বিতীয় শিরোপার হাতছানি তাদের সামনে।
পঞ্চম দেশ হিসেবে পরপর দুবার এশিয়ান কাপ জয়ের কীর্তিরও সামনে তারা।
কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উজবেকিস্তানকে
৩-২ গোলে হারানো কাতার সেমিফাইনালে ৩-২ গোলে হারায় শক্তিশালী ইরানকে। শিরোপা থেকে আর
এক জয় দূরে স্বাগতিকরা।










