আগামী শনিবার নতুন মৌসুমের
প্রথম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পের ওই
দ্বৈরথের আগে জয় দিয়ে প্রস্তুতি সারল বার্সেলোনা। কাতালানরা রোববার রাতে ঘরের মাঠে
অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে।
বার্সার জয়ে ইতিহাস গড়েছেন
১৭ বছর বয়সী মার্ক গুইউ। সিনিয়র ফুটবলে অভিষেকের ৩৩ সেকেন্ডের মধ্যেই গোল করে বার্সাকে
জেতান তিনি। ৭৯ মিনিটে আরেক তরুণ ফারমিন লোপেজের বদলি হিসেবে নামার ৩৩ সেকেন্ডের মধ্যে
গোল করেন গুইউ। বার্সার ইতিহাসে নিজের প্রথম লিগ গোল তার চেয়ে দ্রুততম সময়ে আর কেউ
করতে পারেননি।
এই জয়টি বার্সাকে টেবিলের
তিনে তুলে নিয়েছে। শীর্ষ দল রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র এক পয়েন্ট দূরে তারা। এল ক্ল্যাসিকো
জিতলে তারাই উঠে যাবে টেবিলের শীর্ষে। রিয়াল ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। এরপর জিরোনা (২৫)
ও বার্সা (২৪)।
জয় শেষে বার্সা কোচ জাভি
বলেন, ‘আম তাকে বলেছিলাম, তুমি একটি সেরা সুযোগ পাবে। এসব ছেলেদের মুখ দেখলেই ভালো
লাগে। তাদের কোনো ভয়ডর নেই।’
রোববার আরেক ম্যাচে আলমেরিয়াকে
৫-২ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে পয়েন্টে ছুঁয়ে ফেলে জিরোনা। রিয়াল শনিবার ১-১ গোলে
ড্র করে সেভিয়ার সঙ্গে।










