প্রথমবারের মতো মা হওয়ার পর অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই গ্র্যান্ডস্লামে আজ প্রত্যাবর্তন ঘটে জাপানি তারকা নাওমি ওসাকার। যদিও এই প্রত্যাবর্তন সুখের হলো না। প্রথম রাউন্ডেই তিনি হেরে গেলেন। ১৬তম বাছাই ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া তাকে ৬-৪, ৭-৬ (৭/২) গেমে হারিয়েছেন।

 

গত বছর প্রথম সন্তানের জন্ম দেন ওসাকা। এরপর দীর্ঘ বিরতি। সব মিলে ২০২২ সালের ইউএস ওপেনের পর প্রথমবার খেলেন কোনো গ্র্যান্ডস্ল্যামে।

 

চারবারের গ্র্যান্ডস্লামজয়ী ও অস্ট্রেলিয়ান ওপেনে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওসাকা প্রত্যাবর্তনের ম্যাচে খানিকটা নার্ভাস থাকলেও খারাপ খেলেননি। শক্ত প্রতিপক্ষকে সহজে জিততে দেননি তিনি। যদিও ব্রেক পয়েন্ট পেতে ব্যর্থ হওয়ায় তিনি গার্সিয়াকে চাপে ফেলতে পারেননি।


 

ওসাকা না পারলেও ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গাফ ঠিকই সহজ জয়ে উঠে যান দ্বিতীয় রাউন্ডে। ১৯ বছর বয়সী আমেরিকান খেলোয়াড় ৬-৩, ৬-০ গেমে হারান স্লোভাকিয়ার আন্না ক্যারোলিনা স্মিয়েলদোভাকে।

 

প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন চেক রিপাবলিকের মার্কেতা ভনদ্রোসোভা। সপ্তম বাছাই এই খেলোয়াড়কে ৬-১, ৬-২ গেমে হারান ইউক্রেনের কোয়ালিফায়ার ডায়ানা ইয়াস্ত্রেমস্কা।

 

২৩ বছর বয়সী ডায়ানা জানান, তার দেশে রুশ আগ্রাসন রুখে দেয়ার ঘটনাই তাকে ভালো খেলতে উৎসাহিত করেছে। তিনি বলেন, ‘রাশিয়ায় কী ঘটছে, তা কয়েক সেকেন্ডের মধ্যে বোঝানো কঠিন। আমি ইউক্রেনিয়ান হিসেবে গর্বিত, আমার মানুষদের নিয়ে গর্বিত, যোদ্ধাদের নিয়ে গর্বিত। আমি যখন ব্রিসবেন পৌঁছি তখন শুনি, আমার নানির বাড়ির কাছে একটি রকেট পড়েছে। তখন খেলাই কঠিন ছিল। আমাদের উচিত যুদ্ধের কথা শোনা এবং যতটা সম্ভব ইউক্রেনকে সাহায্য করা।’

 

আরেক ইউক্রেনিয়ান তারকা এলিনা সভিতোলিনা ৬-২, ৬-২ গেমে হারান অস্ট্রেলিয়ার ওয়াইর্ল্ড কার্ড তেইলাহ প্রেস্টনকে।

 

তিউনিস তারকা ওনস জাবের মাত্র ৬৭ মিনিটে হারান ইউক্রেনিয়ান কোয়ালিফায়ার ইউলিয়া স্টারডুবস্টেয়াকে।

 

ছেলেদের এককে রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে ৫-৭, ৬-২, ৬-৪, ১-০ পিছিয়ে থাকার সময় চোটে পড়েন ফ্রান্সের তেরেন্স আতমানে। ফলে শঙ্কা কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তৃতীয় বাছাই দানিল।