তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আফ্রিকার দেশ নামিবিয়া। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি২০ বিশ্বকাপ আসর।

 

উইন্ডহোকে আজ আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৭ রান তোলে নামিবিয়া। জবাবে তানজানিয়া ৬ উইকেটে ৯৯ রান করতে সমর্থ হয়। ২৫ বলে ৪০ রান করে ম্যাচসেরা হন নামিবিয়ার জেজে স্মিট।

 

নামিবিয়া টিকিট নিশ্চিত করায় অনিশ্চিত হয়ে গেল জিম্বাবুয়ের বিশ্বকাপ অংশগ্রহণ, যারা এ বছর ওয়ানডে বিশ্বকাপেও উত্তীর্ণ হতে পারেনি। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে শেষ পর্বে লড়ছে সাতটি দেশ, যার মধ্যে টেবিলের শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপের টিকিট। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টিকিট নিশ্চিত করল নামিবিয়া। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে যথাক্রমে উগান্ডা ও কেনিয়া। ৪ পয়েন্ট নিয়ে চারে জিম্বাবুয়ে। উগান্ডা ও কেনিয়া পরস্পরের মুখোমুখি হবে, ফলে তাদের দুই দলের পক্ষেই নামিবিয়াকে ছোঁয়া অসম্ভব, ফলে দলটির বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যায়।

 

এখন উগান্ডা, কেনিয়া ও জিম্বাবুয়ের মধ্যে একটি দল উঠবে বিশ্বকাপে। জিম্বাবুয়ের পরের দুই ম্যাচ নাইজেরিয়া ও কেনিয়ার সঙ্গে।

আগামী বছর টি২০ বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দেশ। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের শীর্ষ ৮ দল ছাড়াও স্বাগতিক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র এবং আইসিসি র‍্যাংকিং বিচারে বাংলাদেশ ও আফগানিস্তান বিশ্বকাপের টিকিট পেয়েছে। আরো আটটি দল বিশ্বকাপে যাবে বাছাইপর্ব খেলে।