আরিনা সাবালেঙ্কার টানা দ্বিতীয় শিরোপার পথে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি চীনের ঝেং কিনওয়েন। আজ শনিবার মেলবোর্ন পার্কে নারী এককের ফাইনালে চীনা খেলোয়াড়টিকে সরাসরি ৬-৩, ৬-২ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিলেন বেলারুশের খেলোয়াড় সাবালেঙ্কা। টুর্নামেন্টে কোনো সেট না হেরে চ্যাম্পিয়ন হলেন তিনি।

 

২০১৩ সালের পর প্রথম কোনো নারী টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতলেন। সর্বশেষ এই কীর্তি ছিল তারই স্বদেশী ভিক্টোরিয়া আজারেঙ্কার। আবার লি নার পর প্রথম কোনো চীনা হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের আশায় ছিলেন কিনওয়েন। যদিও তাকে আশাহত করেন সাবালেঙ্কা।

 

সাবালেঙ্কার চার চারটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছেন কিনওয়েন। তবে পঞ্চমবার আর রক্ষা হয়নি। ফোরহ্যান্ড শটে জয় নিশ্চিত করেন সাবালেঙ্কা। প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম ফাইনালে ওঠা কিনওয়েন চেষ্টা করেছেন বটে, তবে বিশ্বের দ্বিতীয় র‍্যাংকধারী খেলোয়াড়কে আটকানোর মতো কিছু করতে পারেননি তিনি।

 

সেমিফাইনালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গাফকে হারান সাবালেঙ্কা, আর কিনওয়েন হারান ইউক্রেনের ডায়ানা ইয়াস্ত্রেমস্কাকে।

 

শীর্ষ বাছাই ইগা সিয়ানতেক তৃতীয় রাউন্ডে বিদায় নেয়ার পরই এবারের অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে ওঠেন সাবালেঙ্কা। অবশেষে তার হাতেই উঠল ঝলমলে ট্রফিটা। অপ্রতিরোধ্য খেলে চ্যাম্পিয়ন হলেন ২৫ বছর বয়সী তারকা। বিপরীতে ২১ বছর বয়সী কিনওয়েন প্রথমবার গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠে প্রত্যাশার চাপে ভেঙে পড়েন।