হূদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার ফুটবলকে বিদায় বলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। তার মতো বিদায়ের শঙ্কায় ডেনিশ তারকা ক্রিস্টিয়ান এরিকসেন। গত ১২ জুন ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালীন মাঠে হূদরোগে আক্রান্ত হন এরিকসেন। এরপর আর মাঠে ফেরা হয়নি। সম্প্রতি দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এরিকসেনের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ইতালি ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী হূদযন্ত্রের সুস্থতার জন্য বুকে কার্ডিওভারটার ডিফিব্রিলেটর (আইসিডি) যন্ত্র লাগানো কোনো ফুটবলার দেশটির কোনো লিগে খেলতে পারবে না। মূলত এ কারণেই চুক্তি বাতিল করতে হয়েছে।
যদিও ২০২৪ পর্যন্ত এরিকসেনের সঙ্গে চুক্তি ছিল ইন্টারের। অসুস্থ হওয়ার পর আর মাঠে ফেরা হয়নি তার। ইতালীয় সংবাদ মাধ্যমের ধারণা, তিনি ফিরে যেতে পারেন তার ডেনিস লিগেই। কথা হলো, ঝুঁকি নিয়ে এরিকসেন কি খেলা চালিয়ে যাবেন, নাকি আগুয়েরোর মতো তিনিও থামবেন? আগ্রহ থাকলেও খেলার মাঠে হয়তো নিজেকে বেশি দূর নিয়ে যাওয়া কঠিনই হবে।
ডেনমার্কের জার্সিতে ১০৯ ম্যাচে ৩৬ গোল করেছেন এরিকসেন। এবারের ইউরোতে প্রথম ম্যাচ খেলতে নেমেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয় তাকে। হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকবে। টটেনহামে ২২৬ ম্যাচে ৫২ গোল ও ইন্টারে ৪৩ ম্যাচে চার গোল তার। বিবিসি










