হাঁটুর চোটের কারণে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটে খেলা হবে
না বাংলাদেশের ডানহাতি পেস বোলার এবাদত হোসেনের। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে
সিরিজে হাঁটুর চোটে পড়েন তিনি। তাকে রেখেই এশিয়ার কাপের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ।
যদিও তিনি এখনো পুরোপুরি সেরে না ওঠায় ছিটকে গেলেন আসর থেকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পোর্টস ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন: ‘চোটের পর ছয় সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন এবাদত। এ সময় আমরা একাধিকবার এমআরআই করিয়েছি এবং দেখতে পেয়েছি, তার হাঁটুর এসিএল নিয়ে এখনো উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে এবং এজন্য আরো পরিচর্যার প্রয়োজন হবে। এ কারণে সে এশিয়া কাপে খেলতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘সামনেই বিশ্বকাপের মতো বড় আসর রয়েছে।
কাজেই তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে সম্ভাব্য সব উপায়েই আমরা চেষ্টা করে যাব। এর মধ্যে
প্রয়োজন বোধে বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নেয়া হবে।’
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডে এবাদতের জায়গায় তরুণ পেসার
তানজিম হাসান সাকিবকে ডেকেছেন নির্বাচকরা। ২০ বছর বয়সী এই পেসার ৩৭টি লিস্ট-এ ম্যাচ
খেলে ৫৭ উইকেট শিকার করেছেন। সম্প্রতি শ্রীলংকার মাটিতে এসিসি এমার্জিং এশিয়া কাপে
তিন ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন তিনি।
সাকিবের অন্তর্ভুক্তিতে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী
দলের পাঁচজন স্থান পেলেন জাতীয় দলে। আগেই ছিলেন তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, শামীম হোসেন,
তানজিদ হাসান তামিম।
আগামী ৩০ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে পর্দা
উঠবে এবারের এশিয়া কাপের। ৬ দলের এই আসরে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলংকার
মাটিতে। ২ সেপ্টেম্বর পাল্লকেলেতে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ৪ সেপ্টেম্বর একই মাঠে তাদের
প্রতিপক্ষ নেপাল।
‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নেপাল এবং ‘বি’ গ্রুপে শ্রীলংকা,
বাংলাদেশ ও আফগিানিস্তান খেলবে। দুই গ্রুপ থেকে দুটি করে উঠবে সুপার ফোর পর্বে। সেখান
থেকে দুটি উঠবে ফাইনালে।
৩১ আগস্ট পাল্লকেলেতে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে
বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের পরের ম্যাচ ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন
শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ.
হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম
হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।










