ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়ল বাংলাদেশের খেলার মাঠেও। চলমান পরিস্থিতির কারণে পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলকে পাঠাতে চায় না দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও সমান তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করায় এ মুহূর্তে নিরাপত্তার কথা ভেবে রোহিত শর্মাদের পাঠাতে চায় না বিসিসিআই।

ভারতে অনুষ্ঠেয় ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সেক্ষেত্রে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে এ টুর্নামেন্ট। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ আসর। পাকিস্তান ও ভারতের বৈরিতার কারণে এর আগের এশিয়া কাপও ‘হাইব্রিড’ মডেলে অনুষ্ঠিত হয়। সেবার খেলা হয় পাকিস্তান ও শ্রীংলকায়। ভারত তাদের ম্যাচগুলো খেলে শ্রীলংকায়।