গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে বৃহস্পতিবার রাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে আসরের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে দুবাই ক্যাপিটালসকে জেতান বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলে দুবাইকে ১৬৫ রানের পুঁজি এনে দিতে ভূমিকা রাখেন সাকিব। এরপর বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানের খরচায় নেন ৪ উইকেট। সেন্ট্রাল ৮ উইকেটে ১৪৩ রান তুলতে সমর্থ হয়।

দ্বিতীয় ম্যাচে অনুজ্জ্বল সাকিব, তার দলকেও মাটিতে নামিয়েছে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস। শুক্রবার রাতের ম্যাচে দুবাই ৭ উইকেটে হেরেছে। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪১ রান তোলে দুবাই। ফাবিয়েন অ্যালেন ও মোহাম্মদ নবি তিনটি করে উইকেট নেন। এ রান তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় হোবার্ট। সাকিব ব্যাট হাতে ১০ বলে ৭ রান ও বল হাতে ৪ ওভারে ৩৪ রানের খরচায় উইকেটশূন্য ছিলেন।

এদিকে রংপুর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে হোবার্ট হারিকেনসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। হোবার্ট এরই মধ্যে সাকিবের দুবাইকে হারিয়ে এসেছে। আজ কি রংপুরকেও হারাবে বিগ ব্যাশের দল, নাকি চ্যাম্পিয়নরাই বিজয়ী হবে?