অস্ট্রেলিয়ান ওপেনে ১০ বার ফাইনাল খেলে প্রতিবার জিতেছেন। এর আগে ১০ বার সেমিফাইনাল খেলেও প্রতিবার জিতেছেন। মেলবোর্ন পার্কে অবশেষে হার মানলেন নোভাক জোকোভিচ। শুক্রবার ছেলেদের প্রথম সেমিফাইনালে তাকে ৬-১, ৬-২, ৬-৭ (৮-৬), ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন ইতালির ইয়ানিক সিনার।
অস্ট্রেলিয়ান ওপেনে ২ হাজার ১৯৫ দিন পর হারলেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। এখানে সর্বশেষ তিনি হেরেছিলেন ২০১৮ সালে। ওই বছর চুং হিউনের কাছে চতুর্থ রাউন্ডে হেরে বসেছিলেন জোকার। এরপর জেতেন টানা ৩৩ ম্যাচ। অবশেষে তার জয়রথও ভাঙল। সার্বিয়ান সুপারস্টারকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ২২ বছর বয়সী সিনার। আজ ফাইনালে তার প্রতিপক্ষ রাশিয়ার দানিল মেদভেদেভ।
‘সুপারম্যান’ জোকোভিচের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য করেছেন সিনার। প্রথম দুই সেট টানা জিতে নেয়ার পর তৃতীয় সেটটি গড়ায় টাইব্রেকে। সেখানেও ম্যাচ পয়েন্টের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। যদিও বল নেটে লাগালে সেই সুযোগ নষ্ট নয়। সেটটি জিতে নেন জোকোভিচ।
ব্যবধান কমানোর পর ফেরার আশায় ছিলেন সার্বিয়ান খেলোয়াড়। কেননা অতীতে এমন পরিস্থিতি থেকে বহু ম্যাচ তিনি বের করে এনেছেন। যদিও উদ্দীপ্ত যুবক সিনারকে কাবু করতে পারেননি তিনি। স্নায়ুর চাপকে জয় করে তিনি তৃতীয় সেটটিও দাপটে জিতে নেন। ম্যাচে মোট ৫৪টি আনফোর্সড ভুল করেছেন শীর্ষ বাছাই জোকোভিচ।
হার মেনে নিয়ে জোকোভিচ বলেছেন, ‘যোগ্য হিসেবেই সে ফাইনালে উঠল। আমাকে সে দাঁড়াতেই দেয়নি। দিনটি খারাপ ছিল, আমার মানের খেলাটা খেলতে পারিনি। প্রথম দুই সেটে আমি ঠিকঠাক সবকিছু করতে পারিনি। যতদূর মনে পড়ে, গ্র্যান্ড স্লামে এটাই হয়তো আমার সবচেয়ে বাজে ম্যাচ।’
এ হারে সিনারের যেমন প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের সুযোগ তৈরি হলো, বিপরীতে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জিততে জোকোভিচের অপেক্ষা বাড়ল।
২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন জোকোভিচ। উন্মুক্ত যুগে এটাই অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। রয় এমারসন দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি শিরোপা জিতেছেন অ্যামেচার যুগে। তৃতীয় খেলোয়াড় হিসেবে যেকোনো গ্র্যান্ড স্লাম আসরের ১১টি শিরোপা জয়ের সুযোগ ছিল জোকোভিচের সামনে। কিন্তু অল্পের জন্য এবার পারলেন না জোকোভিচ। রাফায়েল নাদাল ১৪ বার জিতেছেন ফ্রেঞ্চ ওপেন, আর মার্গারেট কোর্ট ১১ বার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। সুযোগ অবশ্য পরের বছরও পাবেন তিনি।
এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলে মেলবোর্ন পার্কে যেমন রেকর্ডটা সুসংহত করতেন, তেমনি অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্টের দীর্ঘদিনের গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটাও ভেঙে দিতেন জোকোভিচ। এখন সমান ২৪টি করে গ্র্যান্ড স্লাম জিতে যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন কোর্ট ও জোকোভিচ। আর ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন আমেরিকান গ্রেট সেরেনা উইলিয়ামস, যিনি ২০২২ সালে টেনিস থেকে অবসর নেন। ২২টি গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদালও ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে জোকোভিচের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়েছেন। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ফিরেছিলেন প্রায় এক বছরের বিরতি দিয়ে, এসেই আবার চোটে পড়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, এ বছরই অবসর নেবেন নাদাল। কাজেই জোকোভিচের ২৫টি গ্র্যান্ড স্লামের রেকর্ড গড়ার দারুণ সম্ভাবনা টিকে আছে এবং সেটি হয়তো বহু বছর অক্ষতও থাকবে।
অস্ট্রেলিয়ান ওপেনের বাইরে সাতবার উইম্বলডন, পাঁচবার ইউএস ওপেন ও তিনবার ফ্রেঞ্চ ওপেন জয় করেন জোকোভিচ।










