রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের ৬ উইকেটে করা ৪৪৮ রানের জবাবে বিনা উইকেটে ২৭ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে বাংলাদেশ। আজ শুক্রবার (২৩ আগস্ট) তৃতীয় দিন প্রথম ঘন্টায় জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বসে সফরকারীরা। যদিও এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে ভর করে স্বস্তি ফিরেছে বাংলাদেশের ড্রেসিংরুমে। ৪৮ ওভারে ২ উইকেটে ১৩৪ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় অতিথিরা। সাদমান ৫৩ ও মুমিনুল ৪৫ রানে অপরাজিত রয়েছেন।

  

১১ রানে অপরাজিত থেকে দিন শুরু করা ওপেনার জাকির আজ মাত্র ১ রান যোগ করেই সাজঘরের পথ ধরেন। দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে নাসিম শাহের বলে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। নাসিমের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন তিনি। বামদিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ নেন রিজওয়ান (৩১/১)।

 

ভালো খেলছিলেন অধিনায়ক শান্ত। তবে ইনিংসটা বড় করতে পারলেন না। খুররম শাহজাদের করা ২৭তম ওভারের শেষ বলটি অফ স্টাম্পের একটু বাইরে পড়ে ভেতরে ঢুকে শান্তর ব্যাট ও প্যাড গলে ভেঙে দেয় স্ট্যাম্প (৫৩/২)। শান্ত ৪২ বলে ১৬ রান করেন দুই বাউন্ডারিতে।  

 

এরপর ২১ ওভারে ৮১ রান যোগ করেন সাদমান ও মুমিনুল। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ।