সিলেটে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল ম্যাচে আলো ছড়ালেন পাকিস্তানিরা। এই ম্যাচে দুই ওভারে ৩৭ রান করার চ্যালেঞ্জে জয়ী হলো বরিশাল। পাকিস্তানি তারকা শোয়েব মালিক ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিতিয়েছেন বরিশালকে।

 

শেষ তিন ওভারে বরিশালের প্রয়োজন ছিল ৪৫ রান। ৮ রান নেয়ায় পরের ১২ বলে প্রয়োজন পড়ে ৩৭ রান। শোয়েব ও মিরাজ ছিলেন বলে আশা টিকে থাকে বরিশালের। ৪৯তম ওভারে ১৯ রান তুলে নিলে শেষ ওভারে জিততে লাগে ১৮ রান। কাজটা কঠিন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই জিতেছে বরিশাল।

 

শোয়েব ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪১ এবং মিরাজ ১৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন।

 

এর আগে মুশফিকুর রহিম ২৫ বলে ২৭, সৌম্য সরকার ২৩ বলে ২৬ ও তামিম ইকবাল ১৮ বলে ২০ রান করে বরিশালের ভিত গড়ে দেন।


 

খুলনা টাইগার্স আগে ব্যাট করতে নেমে ৮৮ রানে হারিয়ে বসে ৭ উইকেট। এরপর দুই পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ অনবদ্য ব্যাটিংয়ে দলকে ১৫৫ রানের পুঁজি এনে দেন। নওয়াজ ৪ ছক্কায় ২৩ বলে ৩৮ ও ফাহিম ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন। অষ্টম উইকেটে ২৪ বলে ৬৭ রান যোগ করেন দুজন। বরিশালের স্পিনার তাইজুল ইসলাম ৩ ওভারে ৭ রান দিয়ে নেন ২ উইকেট। শোয়েব মালিক ২৪ রানে নেন ২টি উইকেট।

 

এটা খুলনার প্রথম হার। এই হারের পরও ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, এটা ৬ ম্যাচে বরিশালের তৃতীয় জয়। তারা বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।