উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে করিম বেনজেমার জোড়া গোলে শাখতার দোনেত্স্ককে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচেই ইউরোপের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় (ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ) প্রথম দল হিসেবে হাজারতম গোলের মাইলফলকে পৌঁছেছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।
রিয়াল জানত, তারা ইতিহাসে দুয়ারে দাঁড়িয়ে এবং এই ইতিহাস গড়া গোলটি আসে বর্তমানে দলের শীর্ষ ফরোয়ার্ড করিম বেনজেমার পা থেকে। ম্যাচের ১৪ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাসে বল পেয়ে আলতো টোকায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার। এটা ইউরোপিয়ান ফুটবলে রিয়ালের হাজারতম গোল। ৩৯ মিনিটে দস সান্তোস পেদ্রোর গোলে সমতা আনে ইউক্রেনিয়ান ক্লাবটি। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা।
রিয়ালকে হাজারতম গোল এনে দেয়ার পাশপাশি নিজেও দুর্দান্ত কীর্তি গড়েছেন বেনজেমা। ২৯২ গোল নিয়ে রিয়ালের ইতিহাসে তিনি এখন চতুর্থ নম্বরে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ৭৪ গোল করে ইউরোপে তিনি এখন চার নম্বরে। তার সামনে শুধু রবার্ট লেভানডভস্কি, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জার্সিতে বেনজেমা করেছেন ৬২ গোল।
মিগুয়েল মুনোজ ১৯৫৫ সালে রিয়ালের হয়ে ইউরোপিয়ান কাপে প্রথম গোলটি করেছিলেন। ৬৬ বছরে ইউরোপের বনেদি প্রতিযোগিতায় আরো ৯৯৯ গোল করল রিয়াল। এছাড়া আলফ্রেডে ডি স্টেফানো ১০০তম, ফেরেঙ্ক পুসকাস ২০০তম, ইয়েনসেন ৩০০তম ও লোসাদা ৪০০তম, গুতি ৫০০তম, ডেভিড বেকহাম ৬০০তম ও রোনালদো ৯০০তম গোল করেন। এবার হাজারতম গোল এলো বেনজেমার পা থেকে।
ইউরোপিয়ান শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ৭৬৮ গোল করে রিয়ালে কাছাকাছি অবস্থানে রয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখ। এরপর বার্সেলোনা (৬৫৫ গোল), ম্যানচেস্টার ইউনাইটেড (৫২৯ গোল) ও জুভেন্টাস (৪৬৮)।
ইউরোপে রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশি গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ২০১৮ সালে জুভেন্টাসে নাম লেখানোর আগে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১০৬ গোলের অনন্য কীর্তি গড়েন। এরপর রাউল (৬৬), বেনজেমা (৬২), ডি স্টেফানো (৪৯) ও পুসকাস (৩৫)।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে ক্লাব ব্রুগসকে, লিভারপুল ২-০ গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে, আয়াক্স ৩-১ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে, ইন্টার মিলান ৩-১ গোলে শেরিফ তিরাস্পলকে হারায়। আরবি লিপজিগের মাঠে ২-২ গোলে ড্র করে পিএসজি, আর এসি মিলান ঘরের মাঠে ড্র করে এফসি পোর্তোর সঙ্গে। পিএসজির এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি।
বুধবার শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লিভারপুল, আয়াক্স এবং মঙ্গলবার শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখ জুভেন্টাসের।










