কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে আজ শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারাল বাংলাদেশ।
নেপালের বিপক্ষে এই জয়টি দেশের ঝিমিয়ে পড়া ফুটবলের পুনরুজ্জীবনের জন্য বেশ তাত্পর্যপূর্ণ। দীর্ঘ পাঁচ বছর পর আন্তর্জাতিক ম্যাচে হিমালয় কন্যার বিপক্ষে জিততে সমর্থ হলো লাল-সবুজ জার্সিধারীরা। সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় নেপালকে হারিয়েছিল বাংলাদেশ জাতীয় দল।
সাম্প্রতিক বছরগুলোতে পারফরম্যান্সে বাংলাদেশকে পেছনে ফেলে নেপাল। ২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপালের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। গত বছর এসএ গেমস ফুটবলেও গোরখালিদের কাছে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। সব মিলিয়ে, পাঁচ বছর নেপালের বিপক্ষে জয়হীন ছিল বাংলাদেশ। অবশেষে এই জয়খরা ঘুচাল জামাল ভূইয়ার প্রত্যয়ী বাংলাদেশ দল।
করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ১০ মাস পর মাঠে ফিরেছে বাংলাদেশ, ফিরেই জয়ের স্বাদ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলে দশম মিনিটে গোল আদায় করে নেয় স্বাগতিক বাংলাদেশ। সাদউদ্দিনের ক্রস থেকে ভলিতে গোল করেন নাবিব নেওয়াজ জীবন। ৭৯ মিনিটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিল। রহমত মিয়ার বাড়ানো পাসে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে পড়ে কোনাকুনি শটে গোল করেন তরুণ স্ট্রাইকার সুফিল।
দুই ম্যাচের মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ১৭ নভেম্বর একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।










