বিশ্বের অন্যতম সেরা দুই কোচের ছিল দু’রকম চ্যালেঞ্জ। পেপ গার্দিওলা বার্সেলোনার হয়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলেও ম্যানচেস্টার সিটির হয়ে এই স্বাদ পাননি। মাঝে বায়ার্ন মিউনিখের হয়েও না। আবার ম্যানসিটি তাদের ইতিহাসে কখনই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেনি। চেলসি কোচ টমাস টুখেল গতবার ফাইনালে উঠেও শিরোপা জেতাতে পারেননি প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। সেই ব্যর্থতায় চাকরিও হারিয়েছেন এ জার্মান কোচ। এবার চেলসিকে তুলেছেন ফাইনালে। পরপর দুই মৌসুমে দুটি ভিন্ন ক্লাবকে ফাইনালে তোলা প্রথম কোচের গৌরব দেখিয়েছেন তিনি। এবার শিরোপা জয়ের চ্যালেঞ্জ। তার সামনে বিরাট হার্ডল হয়ে আছেন খ্যাতিমান কোচ গার্দিওলা। কিন্তু এ লড়াইয়ে টুখেলের কৌশলের কাছে হার মানলেন গার্দিওলা। অদম্য এক তরুণ দল নিয়ে শিরোপার হাসি হাসলেন টুখেলই। 

শনিবার রাতে পর্তুগালের পোর্তো শহরে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের অল-ইংলিশ ফাইনালে ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে এটা লন্ডন জায়ান্টদের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১২ সালে বায়ার্ন মিউনিখকে তাদের মাঠে হারিয়ে প্রথম শিরোপা জয় করে ব্লুজরা।

শনিবার উত্তেজনাপূর্ণ ফাইনালে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। ৪২ মিনিটে ম্যাসন মাউন্টের ডিফেন্স চেরা পাসে বল পেয়ে সিটি গোলকিপার এডারসনকে কাটিয়ে গোল করেন তিনি। এটা চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম গোল।

লিভারপুল ও ম্যানইউর পর তৃতীয় ইংলিশ দল হিসেবে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব দেখাল চেলসি। যদিও চ্যাম্পিয়ন্স লিগসহ ইউরোপিয়ান মুকুটের হিসেবে সর্বোচ্চ ছয়বার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব পেয়েছে লিভারপুল, ম্যানইউ জিতেছে মোট তিনবার।

জানুয়ারিতে ফ্রাংক ল্যাম্পার্ডকে বরখাস্ত করে টুখেলকে কোচ হিসেবে উড়িয়ে আনে চেলসি। মৌসুমের মধ্যপথে দায়িত্ব নিয়ে ক্লাবটিকে ইউরোপসেরার মুকুট এনে দেয়া এ কোচকে জাদুকর আখ্যা দিলেন ম্যানইউর সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তিনি বলেন, মৌসুমের মাঝপথে এসে তিনি যা করলেন তাতে জাদুকর ছাড়া আর কী বলব।

জার্মান ফরোয়ার্ড হাভার্টজকে দিয়ে গোল করানো ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট জয় শেষে বলেন, আমরা ফাইনালে উঠেছি এবং এখন শিরোপাও জিতলাম। এটা বিশেষ মুহূর্ত। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করা স্বপ্নের মতো লাগছে। চ্যাম্পিয়ন্স লিগে এবার আমরা বড় বড় অনেক দলকে হারিয়েছে। এ মুহূর্তে আমরাই বিশ্বের সেরা দল।

গোলদাতা হাভার্টজের অনুভুতি, আমি এ মুহূর্তের জন্য ১৫ বছর অপেক্ষা করেছি এবং এখন আমি এখানে।

টুখেল বললেন, আমরা পেরেছি। ওয়াও। কীভাবে অনুভুতি প্রকাশ করব জানি না। দ্বিতীয়বার ফাইনালে আসতে পারায় আমি অনেক কৃতজ্ঞ। অন্যরকম অনুভুতি।