প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান
ওপেনের ফাইনালে উঠেছেন ইতালির ইয়ানিক সিনার। তা-ও রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক
জোকোভিচকে হারিয়ে। আজ ছেলেদের প্রথম সেমিফাইনালে জোকোভিচকে ৬-১, ৬-২, ৬-৭ (৮-৬), ৬-৩
গেমে হারিয়ে দিয়েছেন সিনার। ফাইনালে তার সামনে রাশিয়ার দানিল মেদভেদেভ। জেরেভকে ৫-৭,
৩-৬, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারান রুশ তারকা।
আজ দ্বিতীয় সেমিফাইনালে
অবিশ্বাস্য লড়াই করে জার্মানির আলেক্সান্ডার জেরেভকে হারান তিনি। প্রথম দুই সেট জিতে
নিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখেন জেরেভ। চতুর্থ সেটে যখন টাইব্রেক চলে তখন পরাজয়
থেকে দুই পয়েন্ট দূরে মেদভেদেভ। এরপর দুর্দান্ত কামব্যাক করেন ২০২১ সালের ইউএস ওপেন
চ্যাম্পিয়ন। তৃতীয় ও চতুর্থ সেট দুটি তিনি টাইব্রেকে জিতে নেন। পরে পঞ্চম ও শেষ সেটটি
জিতে নেন ৬-৩ গেমে।
জেরেভের দুই হাতের ব্যাকহ্যান্ড
শটে বল কোর্টের বাইরে পড়লে চার ঘণ্টা ১৭ মিনিটের লড়াইয়ের সমাপ্তি ঘটে যায়। দুই সেটে
পেছনে পড়া মেদভেদেভই জয়লাভ করেন।
রোববার ছেলেদের এককের
ফাইনালে লড়বেন মেদভেদেভ ও সিনার। এটা ২২ বছর বয়সী সিনারের প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল।
আর মেদভেদেভ লড়বেন দ্বিতীয় গ্র্যান্ডস্লাম মুকুটের জন্য।
মহাকাব্যিক এই জয় শেষে
টিভি ক্যামেরার ওপর মেদভেদেভ লিখেছেন, ‘রাতে যথেষ্ট ঘুম হয়নি, তাতে কী!’
তিনি লম্বা ম্যাচ নিয়ে
বলেন, ‘এই টুর্নামেন্টে আমাকে অনেক ম্যাচেই গভীর পর্যন্ত খেলতে হয়েছে।’ আজও তাকে সেটিই
করতে হলো।
ফাইনালের প্রতিপক্ষ সিনারকে
নিয়ে তিনি বলেন, ‘সে আন্দ্রেই রুবলেভের বিপক্ষে জিতেছে। এরপর সেমিফাইনালে ১০-০ রেকর্ডধারী
জোকোভিচকে হারাল। অবিশ্বাস্য। যাই হোক, আমি এখন ক্লান্তি কাটিয়ে ওঠার চেষ্টা করব এবং
রোববারের ম্যাচের জন্য তৈরি হবো। আশাকরি, আপনারা একটি ভালো ম্যাচ দেখতে পাবেন।’
২০২১ ও ২০২২ সালে অস্ট্রেলিয়ান
ওপেনের ফাইনালে হেরেছেন মেদভেদেভ। তৃতীয়বার কি ভাগ্যের শিকে ছিঁড়বে তার? এমন প্রশ্নের
মুখে রুশ খেলোয়াড়টি বলেন, ‘দেখি কী হয়। অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই কথা সব সময় কাজ
করে না। কিন্তু অস্ট্রেলিয়ায় এই বুলিটি প্রচলিত।’










