চলতি মৌসুম শেষে ইংলিশ ক্লাব লিভারপুলের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লোপ।

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচ হিসেবে নিয়োগ পান ক্লোপ। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। যদিও চুক্তি শেষ হওয়ার দুই বছর আগেই অল রেডদের বিদায় বলে দেবেন তিনি।

২০১৯ সালে ক্লোপের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে লিভারপুল। দুর্দান্ত ফর্মে থাকা সেই দলটি ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নেয়, যা ছিল ৩০ বছরের মধ্যে তাদের প্রথম লিগ শিরোপা।

৫৬ বছর বয়সী ক্লোপ আজ লিভারপুল ছাড়ার ঘোষণায় বলেন, ‘আমি এরই মধ্যে নভেম্বরে ক্লাবকে বলে দিয়েছি। জানি, অনেক মানুষ প্রথমবার এটি শুনে অবাক হবেন। কিন্তু আমি কারণটা ব্যাখ্যা করেছি কিংবা বোঝানোর চেষ্টা করেছি। এই ক্লাবটির সবকিছুই আমি ভালোবাসি। এই শহর আর এই ক্লাবের সমর্থকদেরও আমি ভালোবাসি, আর এই টিমটাকে। আমি সবকিছুই ভালোবাসি। এরপরও আমাকে সিদ্ধান্তটি নিতে হয়েছে।’

জার্মান কোচ দায়িত্ব নেয়ার পর প্রতিটি বড় শিরোপাই জিতেছে লিভারপুল। তিনি অ্যানফিল্ডের হারানো গৌরব ফিরিয়ে আনেন। লিভারপুলের একমাত্র কোচ হিসেবে প্রিমিয়ার লিগ, ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও লিগ কাপ জয়ের গৌরব অর্জন করেন ক্লোপ।